কোস্টগার্ডের সঙ্গে সংঘর্ষ, জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ জেলে জুয়েল ফরাজীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল বরিশাল সদর উপজেলার লামছড়ি এলাকার মোস্তফা ফরাজীর ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কীর্তনখোলা নদীর লামছড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে কাউনিয়া থানার পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কীর্তনখোলা নদী থেকে জেলে জুয়েল ফরাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে দুটি জখমের দাগ রয়েছে, তবে তা গুলির চিহ্ন কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না। কীর্তনখোলা নদীতে মাছ ধরা নিয়ে গত বুধবার সকালে চরমোনাই এলাকায় কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কোস্টগার্ডের এক সদস্য আহত হলে তারা জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় জেলে জুয়েল ফরাজী গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হন। এ ছাড়া একজন গুলিবিদ্ধসহ দুই জেলেকে আটক করে কোস্টগার্ড।