কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ডের সাবেক পরিচালক কমান্ডার (অব.) মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বিকেলে মোস্তাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া ১১ হাজার মেট্রিক টন গম বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক কমোডর (অব.) সফিক-উর-রহমানকে একই মামলায় গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র বলেছে, কোস্টগার্ডের অনুকূলে বরাদ্দ দেওয়া গম বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়। পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় মামলার তদন্ত শুরু করে দুদক। তদন্তের অংশ হিসেবে এঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদক সূত্র বলেছে।