কোস্টগার্ডের সাবেক পরিচালক মোস্তাফিজ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার কোস্টগার্ডের সাবেক পরিচালক কমান্ডার (অব.) মো. মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আজ সোমবার ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া ১১ হাজার মেট্রিক টন গম বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) কমোডর (অব.) সফিক-উর-রহমানকে একই মামলায় গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানায়, কোস্টগার্ডের অনুকূলে বরাদ্দ দেওয়া গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।
এজাহারে বলা হয়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্টগার্ডের অনুকূলে ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। নিয়ম অনুযায়ী ওই গম বিক্রির সুযোগ ছিল না। কিন্তু কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক সফিক-উর-রহমান ওই গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি কিছু ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নিয়ে নিজেদের খেয়ালখুশিমতো পাঁচ টাকা কেজি দরে গম বিক্রি করে। অথচ ওই সময় গমের বাজারমূল্য ছিল প্রতি কেজি ১১ টাকা ৬৪ পয়সা। এভাবে অভিযোগ ওঠা ব্যক্তিরা ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় মামলার তদন্ত শুরু করে দুদক। তদন্তের অংশ হিসেবে এঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে।