কোস্টগার্ডের সোর্সের বাড়ি থেকে ভারতীয় কাপড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা এলাকায় আবদুস ছালামের বাড়ি থেকে ভারতীয় ২৮টি শাড়ি ও থ্রি-পিচ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। আবদুস ছালাম স্থানীয়ভাবে কোস্টগার্ডের তথ্যদাতা (সোর্স) হিসেবে পরিচিত। পাথরঘাটা থানার ওসি আযম খান ফারুকী জানান, এ ঘটনায় সোমবার রাতে পাথরঘাটা থানার উপপরিদর্শক বনি আমিন মামলা করেছেন। আবদুস ছালাম পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন খাঁ দাবি করেন, গত বৃহস্পতিবার কোস্টগার্ড সদস্যরা ‘এফবি জয় মা তারা’ ট্রলার থেকে ভারতীয় শাড়ি ও থ্রি-পিচ উদ্ধার করেন। এগুলোর সঙ্গে আবদুস ছালামের বাড়ি থেকে উদ্ধার হওয়া ভারতীয় শাড়ি ও থ্রি-পিচের মিল রয়েছে। এ বিষয়ে সালামের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। আবদুস ছালামকে নিজেদের সোর্স হিসেবে ব্যবহার করার কথা স্বীকার করেছেন পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ইসতিয়াক আহমেঞ্চদ। তিনি বলেন, ‘এ জন্যই আজ (মঙ্গলবার) সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের উদ্ধার করা ভারতীয় শাড়ি ও থ্রি-পিচ এদিক-ওদিক হওয়ার কোনো সুযোগ নেই। তবে ছালামের বাড়ি থেকে উদ্ধার হওয়া ভারতীয় কাপড় আটকের আগে বেশ কয়েক জায়গায় হাতবদল হয়েছে বলে আমরা শুনেছি। সেখান থেকে এ কাপড় এখানে আসলে আসতে পারে।’