কোহিনুরের বিরুদ্ধে খুনের মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে একটি খুনের মামলায় চাকরিচ্যুত পুলিশ সুপার কোহিনুর মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইসমাইল হোসেন ময়মনসিংহ আদালতে গত সোমবার এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে কোহিনুর মিয়া ও নান্দাইলের তৎকালীন পৌর মেয়র প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়। পুলিশ জানায়, ২০০৪ সালের ৯ মে নান্দাইল পৌরসভা নির্বাচন চলাকালে মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়াকে পরাজিত করতে একটি কেন্দ্রে আবদুস সাত্তার ভূঁইয়ার সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তৎকালীন পুলিশ সুপার কোহিনুর মিয়া তাঁর ব্যক্তিগত অস্ত্র থেকে দুটি গুলি করেন। এতে নান্দাইলের মোহাম্মদ আলীর ছেলে সুজন (১৩) ও তাহের (৫০) গুলিবিদ্ধ হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুজন ও কিশোরগঞ্জ জেলা হাসপাতালে তাহের মারা যান।এ ঘটনায় নান্দাইল থানার তৎকালীন উপপরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০-৪০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দিলে বাদী এতে নারাজি দেন। এভাবে আরও দুইবার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। পরে ২০০৯ সালে সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে।জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার ধারণা, কোহিনুর মিয়া বিদেশে আছেন।’