কোহিনূর মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সাবেক পুলিশ সুপার (এসপি) কোহিনূর মিয়ার বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইলে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে এ মামলার দুজন আসামি এসপি কোহিনূর (পরে চাকুরিচ্যুত ও পলাতক) ও মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তারের বিরুদ্ধে সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোজিনা খান এ পরোয়ানা জারি করেন।এ ছাড়া অভিযোগপত্রে নাম না থাকায় এ মামলার ১৮ জন আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। অভিযোগপত্রভুক্ত আসামি আবদুস সাত্তার উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৯ মে নান্দাইল পৌরসভা নির্বাচনে ভোট চলাকালে মেয়র পদপ্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়াকে পরাজিত করতে প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তারের সমর্থকেরা একটি বুথকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে এসপি কোহিনূর তাঁর ব্যক্তিগত অস্ত্র থেকে দুটি গুলি করেন। তখন নান্দাইলের মোহাম্মদ আলীর ছেলে সুজন (১৩) ও তাহের (৫০) গুলিবিদ্ধ হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুজন এবং কিশোরগঞ্জ জেলা হাসপাতালে তাহেরের মৃত্যু হয়। এ ঘটনায় নান্দাইল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে নান্দাইল থানায় মামলা করেন। পরে ওই মামলাটি আদালত খারিজ করে দেন।ওই হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৯ সালে নান্দাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং ওই নির্বাচনে মেয়র পদপ্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইসমাইল হোসেন তদন্ত শেষে গত ৪ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। গতকাল ছিল মামলাটির অভিযোগপত্র (চার্জ) গ্রহণের দিন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।