কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১ হাজার ৪০৪ জনের মধ্যে ইতিমধ্যে ৯১৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। আর গত ৯ দিনে ২৯৬ জন ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন। স্থলবন্দর দিয়ে গত ৪১ দিনে ১ হাজার ৪০৪ জন বাংলাদেশে ফিরেছেন। সর্বশেষ শুক্রবার ২১ জন বাংলাদেশি ফিরেছেন।

এদিকে স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এসে কোয়ারেন্টিনে থাকা সর্বশেষ বুধবার রাজশাহীর স্বামী-স্ত্রী, পুরান ঢাকার এক কিশোরীসহ (১৬) চারজন করোনা পজিটিভ হন। এখন পর্যন্ত মোট ৩২ জন করোনা পজিটিভ হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে। ২৬ এপ্রিল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রীদের যাতায়াত শুরু হয়। বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে ৪৩ জন বাংলাদেশি ফিরেছেন। একই সময় ভারতে গেছেন তিনজন। ২৬ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত ৪১ দিনে ১ হাজার ৪০৪ জন বাংলাদেশে ফিরেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানসংকুলান না হওয়ায় ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিদের কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। ১৮ থেকে ২৩ মে পর্যন্ত ছয় দিনে স্থলবন্দর দিয়ে আসা ২৫৯ জন এবং সর্বশেষ গত বৃহস্পতিবার ৩১ জন বাংলাদেশিকে কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ২৯০ বাংলাদেশিকে কুমিল্লায় কোয়ারেন্টিন করা হয়েছে। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পূর্ণ করায় গত ২৬ দিনে মোট ভারতফেরত ৯১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সর্বশেষ শুক্রবার ৪৭ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৩৩৬ জন বাংলাদেশি। দুই দেশে আটকা পড়া যাত্রীরা উভয় দেশে নিযুক্ত হাইকমিশনারের অনুমতি এবং দুই দেশের সরকারের কিছু নির্দেশনা অনুসরণ করে যাতায়াত করছেন।
জানা গেছে, ভারত থেকে ফেরত বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়ার সাতটি আবাসিক হোটেল, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং জেলার বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। আখাউড়া স্থলবন্দরের হেলথ ডেস্ক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকেরা স্থলবন্দর দিয়ে দেশে আসতে পারবেন বলে নির্দেশনা জারি করেন। এ ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেন মন্ত্রী। সেগুলো হচ্ছে, সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ফেরত আসা নাগরিকদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করবে, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাঁদের কোভিড টিকার দুটি ডোজ নেওয়া আছে এবং কোভিড নেগেটিভ সনদ নেওয়া আছে, তাঁরা সরাসরি ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বিবেচিত হবেন এবং যাঁদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হবে, তাঁরা ১১ দিন হোম কোয়ারেন্টিন করবেন।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, স্থলবন্দর দিয়ে যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে। তবে যাত্রীরা দুই দেশের সরকারের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে যাতায়াত করছেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ৯১৬ জন ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে জেলায় ৩৩৬ জন কোয়ারেন্টিনে রয়েছেন। ২৬ এপ্রিল থেকে ৪ জুন শুক্রবার পর্যন্ত ৪১ দিনে ১ হাজার ৪০৪ জন বাংলাদেশে ফিরেছেন।