কোয়ার্টার থেকে পুলিশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কুমিল্লা নগরের জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের নিজ কোয়ার্টার থেকে গতকাল বুধবার সকালে তানভীর আহমেদ নামে পুলিশের এক সদস্যদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তানভীর আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সরাইলকান্দি গ্রামে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, তানভীর নায়েক পদে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর তিন বছর ও সাত মাসের দুটি ছেলে রয়েছে। তানভীরের স্ত্রী ছেলেদের নিয়ে গ্রামে থাকেন। তিনি গত মঙ্গলবার কোয়ার্টারে আসেন। পারিবারিক খরচ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তানভীরের স্ত্রী বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন প্রথম আলোকে জানান, বিষয়টি রাতেই মিটমাট করা হয়। কিন্তু বুধবার (গতকাল) সকালে স্বামী-স্ত্রী মধ্যে আবারও ঝগড়া হয়। এর এক পর্যায়ে তানভীর তাঁর কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র গলার নিচে ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে তানভীরের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।