কৌঁসুলির মেয়েকে অপহরণচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
নারায়ণগঞ্জে সাত খুন মামলার সরকারি কৌঁসুলির মেয়েকে বিষ খাইয়ে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এই মামলার তদন্তে অগ্রগতি নেই। তবে মামলার রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তাঁরা স্বস্তিতে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে মামলায় আমরা এখনো কোনো কূলকিনারা করতে পারছি না। আশপাশের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো সূত্র মেলেনি। মামলার বাদীর অভিযোগসহ সব সূত্র মেলানোর চেষ্টা চলছে।’
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘মামলাটি ডিবিতে হস্তান্তরের বিষয়ে অফিশিয়াল নির্দেশনা পাইনি।’
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, ‘মামলাটি হস্তান্তরের নির্দেশ দেওয়া হলেও এখনো আমরা সবকিছু বুঝে পাইনি।’ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরের বঙ্গবন্ধু সড়কের হাজি মঞ্জিল এলাকায় কোচিং করে বাড়ি ফেরার সময় সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলীর মেয়ে মায়েশা ওয়াজেদকে এক ব্যক্তি জোর করে বিষমিশ্রিত মিষ্টি খাইয়ে দেন। মায়েশা সেখান থেকে দ্রুত রিকশা নিয়ে বাড়ি রওনা দিলে তার পেট ও বুক জ্বালাপোড়া শুরু করে। মুঠোফোনে বিষয়টি সে তার বাবাকে জানায়। পরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ওয়াজেদ আলীর অভিযোগ, সাত খুন মামলার কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ তাঁর মেয়েকে অপহরণ ও হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওয়াজেদ আলীর স্ত্রী সেলিনা ওয়াজেদ সদর মডেল থানায় মামলা করেন।