কৌতূহল আর প্রদর্শনীর টানে কারাগারে

২২৮ বছরের প্রাচীন নিদর্শন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখতে ভিড় করছে সব বয়সী মানুষ। ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ নামে দ্বিতীয়বারের মতো পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী।
বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এই কারাগারে দেড় শতাধিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। গত শুক্রবার উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে ২৭ মার্চ পর্যন্ত। ১০০ টাকা মূল্যের টিকিটে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনী ও কারাগার চত্বর। লোহার ‘চৌদ্দ শিক’ আর উঁচু দেয়ালের আড়ালে কী হয়, তা চিরকালই কৌতূহলের বিষয়। সেই কৌতূহল মেটাতে ভিড়ও হচ্ছে ভালোই।
যমুনা ভবনের সামনে ‘শুভ নববর্ষ ১৪২৩’ লেখা। ছড়িয়ে থাকা আরও কিছু জিনিস দেখে বোঝা গেল উৎসব পালনের ছোঁয়া এখনো লেগে আছে। নতুন কয়েদিদের প্রথমে এনে রাখা হতো এই ভবনে। পরে তাঁদের মামলা ও অপরাধের ধরন অনুযায়ী আলাদা করা হতো।
চাঁদপুর থেকে আবদুল করিম এসেছেন। স্ত্রীকে নিয়েই আসতে চেয়েছিলেন, কিন্তু পথের কথা চিন্তা করে আনেননি। আবদুল করিম এসেছেন ফাঁসির মঞ্চ দেখতে। কিন্তু মঞ্চটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। তিনি বললেন, ‘আমার চৌদ্দ পুরুষের কেউ জেল খাটে নাই। জেলখানা কেমন তা দেখার খুব শখ ছিল। যুদ্ধাপরাধীদের যেইখানে ফাঁসি হইছে, সেইটা দেখতে চাইছিলাম।’ কারা পুলিশদের বেশ অনুরোধও করলেন যেকোনোভাবে দেখা যায় কি না। ইতিউতি তাকিয়ে দেখার চেষ্টা করলেন। লাভ হয়নি।
কারাগারের প্রবেশদ্বার থেকে একটু সামনে এগিয়ে হাতের বাঁ দিকে ফাঁসির মঞ্চ। তবে বাইরে থেকে দেখা যায় না। কর্তব্যরত কারা পুলিশ বুলবুল আহমেদ সবাইকে শোনাচ্ছিলেন কোথায় কীভাবে আসামিদের রাখা হতো। এখানে বেশ জটলা। সেলফি তোলারও হিড়িক।
মাইকগুলোতে একের পর এক বাজছে দেশাত্মবোধক গান। গানের সুর ও পুরোনো দিনের ছবি সব মিলিয়ে এক ভিন্ন পরিবেশ। ফাঁসির মঞ্চ ছাড়াও সবার খোঁজ বঙ্গবন্ধু কোন সেলে ছিলেন? স্বেচ্ছাসেবক ও কারা পুলিশের নির্দেশনা অনুসারে সব বয়সীরাই ছুটছেন সেদিকে।
পঞ্চম শ্রেণির নিয়ন হাসান বাবার সঙ্গে এসেছে। সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ছবি দেখছিল। প্রতিটি ছবি দেখছে আর বাবাকে নানা প্রশ্ন করছে। কিন্তু নিয়নের আগ্রহ বঙ্গবন্ধু কোথায় ঘুমাতেন, তা দেখার। কক্ষটি বন্ধ থাকায় জানালা দিয়েই তাকে দেখতে হলো।
কারা সেলুনের দরজাটা হাঁ করে খোলা। ভেতরে ভাঙাচোরা জিনিসপত্র। ওপরে ধুলো-কালিমাখা ফ্যান। পুরো সেলুনঘরে প্রায় ‘৬’ ইঞ্চির একটিমাত্র আয়না। দেয়ালে সবুজ কালিতে আঁকাবাঁকা লেখা: ‘দুঃখবিলাস’।
পাশেই লাল রঙের মেঘনা ভবন। দরজা-জানালা অনেক জায়গায় খুলে পড়েছে। পেছনে আছে মনিহার ভবন, কিন্তু তা তালাবদ্ধ। মেঘনা ভবনের সামনে নানা দুর্লভ ছবি সাজানো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন দর্শকেরা।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জাহিদ হাসান এবারই প্রথম এসেছেন। কারাগার দেখার আগ্রহের কারণ হিসেবে বললেন, ‘এত পুরোনো নিদর্শন খুব কম আছে। এ ছাড়া সবারই আগ্রহ থাকে জেলখানা কেমন, তা দেখার। কিন্তু যে জায়গাগুলোর প্রতি আগ্রহ বেশি, সেগুলো বন্ধ।’