কৌতূহলী মনে বিজ্ঞানের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেকজনের একেক প্রশ্ন। কেউ জানতে চাইছে, পৃথিবীর কেন্দ্রে G-এর মান শূন্য কেন? কারও জিজ্ঞাসা, ডিএনএ কোড ভেঙে কি মানুষের মধ্যে অন্য প্রাণীর ক্ষমতা আনা যায়? আবার পানি কেন জ্বালানি নয়, সেটিও জানতে চাইছে কেউ কেউ। আর এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে বিশেষজ্ঞ উত্তরদাতাদেরও বেশ গলদঘর্ম অবস্থা।
দ্বিতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে দেখা গেছে এমন দৃশ্য। গতকাল শনিবার রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
সকাল নয়টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথমেই অনুষ্ঠিত হয় দেড় ঘণ্টার পরীক্ষা পর্ব। তাতে তিনটি শ্রেণিতে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা চলাকালেই মিলনায়তনের বাইরে কথা হয় সুবল চন্দ্র দাশের সঙ্গে। যশোর থেকে মেয়েকে নিয়ে এসেছেন তিনি। তাঁর মেয়ে সুস্মিতা বিশ্বাস দশম শ্রেণিতে পড়ে। বিজ্ঞান নিয়ে তাঁর আগ্রহ বেশ। নিজের আগ্রহেই নিবন্ধন করেছিল সে। মেয়ের আগ্রহে বাধা দেননি বাবা-মা।
পরীক্ষার পর কিছুক্ষণের বিরতি দিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। উত্তরদাতা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান খান ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। সেখানেই নানা প্রশ্ন নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। উত্তরদাতারাও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের কৌতূহল মেটানোর সাধ্যমতো চেষ্টা করেন। তবে সময় সীমিত থাকায় অনেকের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি।
এরপর সময় ঘনিয়ে আসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসানের সঞ্চালনায় তাতে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার ঢালী।
এরপরই একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরীক্ষার ফলাফলে মোট ৬০ জনকে নির্বাচন করা হয়। তাদের হাতে মেডেল ও সনদ তুলে দেন উপস্থিত অতিথিরা।
তবে পুরস্কার না পেয়েও মন খারাপ করেনি নারায়ণগঞ্জ থেকে আসা আমানুর রহমান। সে নবম শ্রেণিতে পড়ে। আমানুর বলে, ‘এবার প্রশ্ন দেখতে এসেছি। পুরস্কার না পেলেও ক্ষতি নেই। আগামীবার আবার চেষ্টা করব।’
এই অলিম্পিয়াডের মাধ্যমে দল নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। পরবর্তী সময়ে ক্যাম্প ও বাছাই পরীক্ষার মাধ্যমে দল নির্বাচন করা হবে। নির্বাচিত বাংলাদেশের শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নেবে।