কৌশল ঠিক করতে পারছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি
বিএনপি

৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর দলকে গোছানো, কর্মীদের মনোবল চাঙা করা এবং পুনরায় আন্দোলনের জন্য মাঠে নামতে কৌশল ঠিক করতে পারছে না বিএনপি। উপরন্তু দলটির মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিরোধ বেড়ে চলেছে।
দলীয় সূত্রগুলো থেকে জানা যায়, আন্দোলনে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় নেতারা মাঠপর্যায়ের নেতাদের ওপর দোষ চাপাচ্ছেন। অন্যদিকে গুম-খুন ও মামলার ভয়ে স্থানীয় নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচনের পর কেন্দ্র থেকে কোনো দিকনির্দেশনা না আসায় মাঠের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
তবে মাঠের নেতারা বলেছেন, কেন্দ্রীয় নেতারা মাঠের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মূলত নিজেদের ব্যর্থতা ও দুর্বলতাকে চেয়ারপারসনের কাছে আড়াল করার চেষ্টা করছেন। তাঁদের দাবি, দলকে গুছিয়ে তোলার জন্য সবার আগে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা জরুরি।
বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা দাবি করছেন, আপাতত উপজেলা নির্বাচনের কারণে মাঠের নেতাদের ক্ষোভ সাময়িক চাপা দিতে পেরেছে বিএনপি। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের চাঙা করা এবং সেখানকার কমিটিগুলোর ওপর হস্তক্ষেপ করার জন্য খালেদা জিয়াকে পরামর্শ দেওয়া হচ্ছে। খুব শিগগির আগামী এক বছরের জন্য দলের নীতি-কৌশল চূড়ান্ত করা হবে।
চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার দায়িত্বশীল বিএনপির কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, বিএনপির ঢাকা মহানগরের দায়িত্বে বড় নেতারা ছিলেন। সেখানে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে বা নেতা-কর্মীদের মাঠে নামাতে সক্ষম হননি কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতারা কেবল টেলিভিশনে চেহারা দেখিয়ে দায়িত্ব শেষ করেছেন। মাঠের নেতারা যে ভয়াবহ নির্যাতন ভোগ করে আন্দোলন করেছিলেন, এখন আর সেটা দেখা হচ্ছে না। ওই নেতাদের দাবি, ‘কেন্দ্রের ব্যর্থ’ নেতারাই এখন মাঠের কমিটিগুলোকে সক্রিয় করার জন্য চেয়ারপারসনকে চাপ দিচ্ছেন। নিজেদের দোষ ঢাকতেই তাঁরা এটা করছেন।
গত মঙ্গলবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের দিন ওয়েস্টিন হোটেলে এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, দলের ভেতরের যেসব সমস্যা আছে, সেগুলো দূর করে আবার আন্দোলন শুরু হবে। সাধারণ মানুষও যেন আন্দোলনে সম্পৃক্ত হন, সেই ধরনের কর্মসূচি তাঁরা চালিয়ে যাচ্ছেন ও যাবেন। শিগগিরই দলের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে।
বিএনপির শীর্ষস্থানীয় দুজন নেতা প্রথম আলোকে বলেন, বিএনপি এবার দলের ও জোটের ওপর আস্থা রেখে পরবর্তী কর্মকৌশল নির্ধারণ করবে। বিদেশি কূটনীতিকদের ওপর ভরসা করে দলীয় অবস্থান নির্ধারণের কৌশল থেকে সরে আসবে। বিদেশিদের চাপে সরকার যদি নমনীয় হয়, সেটাকে অতিরিক্ত পাওয়া হিসেবে দেখা হবে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিদেশি কূটনীতিকদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার অভিজ্ঞতা থেকে বিএনপি শিক্ষা নিয়েছে বলে এই দুই নেতা দাবি করেন।
মাঠপর্যায়ের বিএনপির কমিটিগুলোকে চাঙা করার কথা বলা হলেও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বা দলের কেন্দ্রীয় কাউন্সিল করার ব্যাপারে কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। প্রায় ১৪ মাস আগে বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কাউন্সিলের কোনো ঘোষণা আসছে না। কাউন্সিল করার জন্য কেবল নির্বাচন কমিশনের কাছ থেকে সময় বাড়িয়ে নিচ্ছে দলটি।
দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, বিএনপির নেতাদের একটি অংশ ক্ষমতায় থাকাকালে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে। এরাই এখন টাকার জোরে দলের বড় বড় পদে আছে। তারা নিজেদের সম্পদ ও ব্যবসা রক্ষায় সব সময় গা বাঁচিয়ে চলে। তা ছাড়া দলের কোনো কোনো নেতা সরকারের সঙ্গে আঁতাত করে চলেন বলেও প্রচার আছে। এ কারণে কেন্দ্রীয় নেতাদের মধ্যে পরস্পর সন্দেহ ও অবিশ্বাস রয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, তাঁর দল অগোছালো আছে। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি তা স্বীকারও করেছেন। অবশ্য তিনি এই অগোছালো অবস্থার জন্য সরকারকেই দায়ী করে বলেছেন, তাঁদের অনেক নেতা-কর্মী জেলে, অনেকে খুন হয়েছেন, পালিয়ে বেড়াচ্ছেন। এসব কারণে দল গুছিয়ে তারপর আন্দোলনে নামতে চান তিনি। এ জন্য বেশি সময় লাগবে না।
বিএনপির সূত্রগুলো বলছে, উপজেলা নির্বাচন শেষ হওয়ার আগে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে নামছে না। আন্দোলনে নামার আগের সময়টিতে সংগঠনকে শক্তিশালী করতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে এগোবে দলটি। আগামী পাঁচ-ছয় মাসের কর্মসূচির মধ্যে খালেদা জিয়ার বিভিন্ন জেলা সফর রয়েছে। তিনি প্রতিটি বিভাগীয় শহরে একটি করে এবং ঢাকায় একাধিক বড় সমাবেশ করবেন। এপ্রিল-মে মাসের মধ্যে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে চিন্তাভাবনা রয়েছে। বিভিন্ন দুর্বল কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন এবং ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।
বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেন, আগামী রোজার ঈদের আগে সরকারবিরোধী সমন্বিত আন্দোলন পরিকল্পনা করা সম্ভব হবে না। তবে তাঁরা সভা-সমাবেশে দ্রুত সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে যাবেন।
অবশ্য দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেন, বিএনপি এখনো আন্দোলনে আছে। কিছুটা সময় নিয়ে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি এও বলেন, বিএনপি সংলাপের কথা বলছে। এ ব্যাপারে সরকারের মনোভাব ইতিবাচক মনে হচ্ছে না। সংলাপ না হলে যত দ্রুত সম্ভব সরকারবিরোধী আন্দোলন শুরু হবে।