কৌশল নির্ধারণে ২৪টি উপকমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কৌশল নির্ধারণে ২৪টি উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে। তবে শিক্ষা আইন ও স্থায়ী শিক্ষা কমিশন গঠনের বিষয়ে করা কমিটি এক মাস বেশি সময় পাবে। এসব কমিটির কাজ তদারকের জন্য আবার আরেকটি কমিটি কাজ করবে। সেখানে শিক্ষাসচিব ছাড়াও নেতৃত্বে থাকবেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত শিক্ষানীতি বাস্তবায়নসংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব উপকমিটি গঠন করা হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে জানান, উপকমিটি ছাড়াও শিক্ষানীতি বাস্তবায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলাদা একটি সেল গঠন করা হবে।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ২৪টি উপকমিটির মধ্যে উল্লেখযোগ্য কমিটির প্রধানদের নাম জানান। এসব কমিটিতে সদস্য হিসেবে সরকারের বাইরেও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের রাখা হয়েছে বলে জানান তিনি।উপকমিটিগুলোর মধ্যে শিক্ষা আইন ও স্থায়ী শিক্ষা কমিশন গঠনের খসড়া তৈরি কমিটির নেতৃত্বে থাকবেন শিক্ষাসচিব। এই কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়েছে। বাকিগুলোর মধ্যে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার বিষয়ে গঠিত কমিটির প্রধান হবেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব, শিক্ষানীতির আলোকে পাঠ্যপুস্তক প্রণয়নসংক্রান্ত কমিটিতে শিক্ষাসচিব, কারিগরি ও কর্মমুখী শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শাখার যুগ্ম সচিব, মাদ্রাসার জন্য মাদ্রাসা শাখার যুগ্ম সচিব নেতৃত্বে থাকবেন।নিরক্ষরকতা দূরীকরণসংক্রান্ত কমিটিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও তাঁদের আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়ে গঠিত কমিটিতে অতিরিক্ত শিক্ষাসচিব (অর্থ ও প্রশাসন), মাধ্যমিক স্তরের জন্য গঠিত কমিটির নেতৃত্বে থাকবেন অতিরিক্ত শিক্ষাসচিব (উন্নয়ন) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান যাচাইয়ে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের জন্যও একটি কমিটি থাকবে। শিক্ষামন্ত্রী জানান, এসব কমিটি ছাড়াও স্বাস্থ্য, মহিলা ও শিশু, সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পরামর্শ দিতে বলা হয়েছে।নুরুল ইসলাম নাহিদ আরও জানান, শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্মকমিশনের অনুরূপ আরেকটি কমিশন গঠন করা হবে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছাড়া অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ করা হবে এই কমিশনের মাধ্যমে। তিনি আরও জানান, আদিবাসী শিশুরা যাতে নিজস্ব ভাষা ও সংস্কৃতি শিখতে পারে, সে জন্য প্রাথমিকের নিচের শ্রেণীগুলোতে নিজস্ব (আদিবাসী) শিক্ষক দেওয়ার চেষ্টা করা হবে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের ওপর জোর দিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে আইনের দ্বারা নিবন্ধিত হতে হবে।সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, এসব উপকমিটির মাধ্যমে শিক্ষানীতি বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত বছরের মে মাসে জাতীয় শিক্ষানীতি মন্ত্রিসভায় অনুমোদনের পর ২৮ জুন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এর বাস্তবায়নের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন পর গতকাল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো।