দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি উন্নয়নে সরকারি অনুমোদন ও জনসমর্থন পাওয়ার জন্য কৌশল পরিবর্তন করে সুফল পাওয়ার দাবি করেছে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) রিসোর্সেস পিএলসির কর্তৃপক্ষ।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়। আগামী ৪ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে গত ৩০ জুন শেষ হওয়া এক বছরে খনি প্রকল্প বাস্তবায়ন ও কোম্পানির আর্থিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কোম্পানি গত এক বছর ধরে প্রকল্পের ব্যাপারে বংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছে। একইভাবে খনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কোম্পানির সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খনি এলাকায় প্রকল্পের প্রতি জনসমর্থন ক্রমেই বাড়ছে।
তবে এই সময়ে কোম্পানির আর্থিক অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে কোম্পানি ৩৩ লাখ পাউন্ড লোকসান দিয়েছে। এর আগের বছর লোকসান দিয়েছিল ৩২ লাখ পাউন্ড। তবে শেয়ার প্লেসমেন্ট করে ২৩ লাখ পাউন্ড আয় হয়েছে।
গণস্বাক্ষর সংগ্রহ: জিসিএমের এই প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যে দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট একটি গণস্বাক্ষর সংগ্রহের খবর প্রকাশ করেছে। খনি উন্নয়নে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় ওই গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই চার উপজেলার ৫০ হাজারেরও বেশি মানুষ সই দিয়ে খনি উন্নয়নের পক্ষে তাঁদের সমর্থন ঘোষণা করেছেন। ফ্রন্টের সমন্বয়ক খন্দকার নুরুজ্জামান রাজার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই তাঁরা এই স্বাক্ষর-সংবলিত খনি উন্নয়নের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।
ফ্রন্টের তিন উপদেষ্টা বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলি সাদিক এক যৌথ বিবৃতিতে বলেছেন, গণস্বাক্ষর কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে ওই অঞ্চলের সর্বস্তরের মানুষ সেখানকার খনিজ সম্পদ উন্নয়নের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনে আগ্রহের কথা প্রকাশ করেছে।