কৌশলী রাজনীতিবিদ হলেও তিনি রাজনীতিকের পোশাক পরতে চান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘কৌশলী রাজনীতিবিদ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি রাজনীতিবিদদের পোশাক পরতে চান না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখন তিনি যা করছেন, তা একান্তই রাজনীতিবিদের কাজ, সম্পূর্ণভাবে নীতিবর্জিত এবং গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার একটি উদ্যোগ।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সিলেট সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী লিখিত বক্তব্যে এসব কথা বলেন। গত বুধবার ভাসানী পরিষদের নেতাদের সঙ্গে আলাপকালে দেওয়া ড. ইউনূসের বক্তব্য প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। ভাসানী পরিষদের নেতাদের ড. ইউনূস বলেছিলেন, ‘যাঁরা গ্রামীণ ব্যাংককে ভাঙতে চায়, দেশের মানুষ ও নাগরিকদের প্রতি তাঁদের মমত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে, তাঁদের হাতে কি দেশ তুলে দেওয়া যায়?’ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘অধ্যাপক ইউনূস নোবেল বিজয় করে নিজের ও জাতির সম্মান বাড়িয়েছেন। তিনি সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার ব্রতটি অধ্যাপক ইউনূস নিজেই আজ দুই বছর ধরে বহাল রেখেছেন। তাঁর অভিযোগের কোনো ভিত্তি নেই। গত জুন মাস থেকে তিনি অনবরত এই বিবৃতি দিয়ে যাচ্ছেন। গত ২৬ জুন বিষয়টি মহান জাতীয় সংসদেও আলোচিত হয়। সেখানে আমি সরকারের অর্থমন্ত্রী হিসেবে স্পষ্ট করেই বলি যে, সরকারের গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করার যে অভিযোগ অধ্যাপক ইউনূস করেছেন, তা সত্য নয়।’
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার গ্রামীণ ব্যাংককে নিয়ে গর্ববোধ করে। একটি কমিশন তাদের কী সুপারিশ করেছে, সেটি দিয়ে সরকারের ধারণা বিচার করা ঠিক নয়। আমরা বরাবর নিশ্চয়তা দিয়েছি যে গ্রামীণ ব্যাংকের মৌলিক কাজ ও পদ্ধতি যেমন আছে, তেমনই চলবে ও চলছে। এ প্রতিষ্ঠানটি অধ্যাপক ইউনূসের উদ্যোগে সরকারই সমুদয় অর্থ দিয়ে ১৯৮৩ সালে একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করে। গ্রামীণ ব্যাংক স্টেটুটারি (আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত) প্রতিষ্ঠান এবং এর প্রথম পরিচালনা পর্ষদ সরকারই গঠন করে।’
গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের পদত্যাগ করার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘২০১০ সালে গ্রামীণ ব্যাংককে নিয়ে আন্তর্জাতিক ও দেশি সংবাদমাধ্যমে কথা ওঠার পর সরকার একটি পর্যালোচনা কমিটি নিয়োগ করে। তখন দেখা যায়, অধ্যাপক (ড. ইউনূস) সাহেবের নির্বাহী পরিচালক হিসেবে ১৯৯৯ সাল থেকেই অবস্থানটি আইনসম্মত নয়। আমি প্রস্তাব দিই যে, তিনি পদত্যাগ করলে তাঁকে ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখার একটি চিরস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু তখন তাঁর বিকল্প প্রস্তাব হলো যে, তাঁকেই চেয়ারম্যান বানাতে হবে। সেটি না হওয়ায় তিনি আদালতে গেলেন ও আদালতের রায় অনুযায়ী পদত্যাগ করলেন।’ এরপর ব্যাংকটি অকার্যকর করার চেষ্টা শুরু হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমেই বলা হয়েছিল সরকার গ্রামীণ ব্যাংক দখল করে নারীদের অধিকার কেড়ে নিতে চায়। আরও প্রচারণা হলো যে গ্রামীণ ব্যাংকের আমানত সরকার খেয়ে ফেলবে। এসব প্রচারণাই গ্রামীণ ব্যাংককে ধ্বংসের একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি।’
অর্থমন্ত্রী বলেন, ‘অধ্যাপক ইউনূস সাহেবের ডেপুটি নির্বাহী পরিচালক বছর খানেক গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন। তাঁর অবসর গ্রহণের পর একজন সাময়িক নির্বাহী পরিচালক নিযুক্ত হন। নতুন পরিচালক নিয়োগের জন্য যে পদ্ধতি প্রচলিত ছিল, সেটিকে অধ্যাপক ইউনূস নষ্ট করে দিলেন। তারপর যখন তাতেও কিছু হলো না, তখন আমার ধারণা, তাঁরই উদ্যোগে হাইকোর্টে রিট করে নির্বাহী পরিচালকের নিযুক্তি বন্ধ করে দেওয়া হলো। এখন আপনারাই বিবেচনা করুন, গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার ষড়যন্ত্র কে করছেন?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও নগরের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ।