কৌশলে আট কোটি টাকার কাজ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা গণপূর্ত বিভাগের আট কোটি ৬০ লাখ টাকার কাজ কৌশলে বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গণপূর্তের কিছু ঠিকাদার এই অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে অন্য প্রতিষ্ঠানগুলো গোপনে শিডিউল কিনে ত্রুটিপূর্ণভাবে দরপত্র জমা দিয়েছে। এমনকি সাধারণ ঠিকাদারদের বঞ্চিত করতে দরপত্র জমা দেওয়ার শেষ দিন তাঁদের কাছে শিডিউল বিক্রি করা হয়।ভোলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, জেলার মনপুরা সাব-রেজিস্ট্রি অফিস, চর শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিস ও চরফ্যাশনে বিচারকদের কোয়ার্টার ভবন নির্মাণ—তিনটি কাজের জন্য গণপূর্ত বিভাগ গত ২২ মার্চ আট কোটি ৬০ লাখ টাকার দরপত্র আহ্বান করে। গত ১৭ এপ্রিল শিডিউল বিক্রি এবং ১৮ এপ্রিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তিন গ্রুপের কাজে ১৮টি শিডিউল বিক্রি হয়। কিন্তু জমা পড়ে ১১টি।একটি বিশ্বস্ত সূত্র জানায়, এই ১১টি দরপত্রের মধ্যে প্রাথমিকভাবে বাছাই হয়েছে শুধু মেসার্স আবদুল খালেকের দরপত্র। প্রতিষ্ঠানটি প্রতিটি কাজ মোট দরপত্র মূল্যের শতকরা এক ভাগ নিম্ন দরে পেয়েছে। অন্যরা ত্রুটিপূর্ণ দরপত্র জমা দেওয়ায় তারা কেউ কাজ পায়নি। এর মধ্যে কেউ উচ্চমূল্য দিয়েছে, কিন্তু প্রয়োজনীয় কাগজ দেয়নি। কেউ বা দরপত্রের সঙ্গে সঠিক কাগজপত্র জমা দিয়েছে, কিন্তু পে-অর্ডার দেয়নি। কেউ কেউ দরপত্রের সঙ্গে শুধু আঁকিবুঁকি করা কাগজপত্র ও খবরের কাগজ দিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কিছু ঠিকাদার বলেন, ২২ মার্চ থেকে শিডিউল বিক্রি শুরু হলেও সাধারণ ঠিকাদারেরা এ ব্যাপারে কিছুই জানতেন না। কারণ, দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি যে দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই দুটি পত্রিকা ভোলা-বরিশালে আসে না বললেই চলে। এ ছাড়া দরপত্র জমা দেওয়ার শেষ দিন শিডিউল বিক্রি করা হয়। তবে মেসার্স আবদুল খালেকের সহযোগীরা আগেই গোপনে শিডিউল কিনেছে। তারা এই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে যেসব দরপত্র জমা দিয়েছে, এতে স্বেচ্ছায় ভুল করা হয়।জানতে চাইলে মেসার্স আবদুল খালেক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘আমার লাইসেন্স গণপূর্তের যে তিনটি কাজ পেয়েছে, এসব কাজ আমি করছি না। আমার কাছ থেকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম লাইসেন্সটি ধার নিয়েছেন। এখন তিনি কাজগুলো নিজে করবেন, না অন্য কাউকে দিয়ে করাবেন, তা আমি জানি না। তবে আমি সাংসদকে বলেছি, কাজ যে-ই করুক না কেন, কাজের মান যেন ভালো হয়। নইলে আমার লাইসেন্স সম্মান হারাবে।’লাইসেন্স ধার নেওয়ার কথা অস্বীকার করে সাংসদ আবদুল্লাহ আল ইসলাম বলেন, ‘বিনা অর্থে এভাবে কাজ পেলে তো ভালোই হয়।’ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মানিক লাল দাস বলেন, ‘যেসব পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো আমাদের বিভাগের তালিকাভুক্ত পত্রিকা। আমরা যথাসময়ে শিডিউল বিক্রি শুরু করি। কিছু ঠিকাদার শিডিউল কিনতে না পেরে এখন আমাদের দোষারোপ করছেন। আসলে ভোলায় গণপূর্ত বিভাগে কাজ করার মতো যোগ্যতা আছে দু-একটি লাইসেন্সের। যোগ্যতাহীন লাইসেন্সধারী শিডিউল কেনে সমঝোতায় অংশ নেওয়ার জন্য। কিন্তু এবার তা হয়নি।’