কৌশলে আনন্দ স্কুলের কোটি টাকা লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচিং-আউট-অব স্কুল চিলড্রেন (রস্ক)’ প্রকল্পের অধীনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৪৩৪টি আনন্দ স্কুলের পোশাক, শিক্ষা উপকরণ ও পরীক্ষার ফির প্রায় কোটি টাকার চেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের কাছ থেকে জোর করে নিয়ে গেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং আনন্দ স্কুল-সংশ্লিষ্ট একটি কমিটির সদস্যরা চেকের টাকা কৌশলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কমিটির তিনজন সদস্যই ক্ষমতাসীন দলের নেতা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা ভর্তি হয়ে ঝরে পড়েছে হতদরিদ্র পরিবারের এমন শিশুদের শিক্ষাদানের জন্য রস্ক প্রকল্প-দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দেশের ১০০টি উপজেলায় চলছে। এর অধীনে পাটগ্রাম উপজেলায় ৪৩৪টি শিক্ষাকেন্দ্র (এলসি) আছে। এসব কেন্দ্রে একজন করে শিক্ষক আছেন। কোনো এলসিতে ৩০ জন, আবার কোনোটিতে ৩৫ জন শিক্ষার্থী আছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করছে।

প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি ৪৩৪ এলসির নামে সোনালী ব্যাংকের পাটগ্রাম শাখায় এক কোটি ৪৩ লাখ টাকা জমা হয়। ৩৫ জন শিক্ষার্থী আছে এমন বিদ্যালয়ে পোশাক বাবদ ১৪ হাজার টাকা, পরীক্ষার ফি এক হাজার ৭৫০, উপকরণ চার হাজার ২০০, ঘর মেরামত এক হাজার, ঘর ভাড়া (চার মাস) এক হাজার ৬০০ ও শিক্ষকের বেতন (চার মাস) ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আনন্দ স্কুলের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য গঠিত ১৮ সদস্যের উপজেলা শিক্ষা কমিটি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ অনুদান সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কি না তা তদারকি করবে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পোশাক ও শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ কমিটি করে দিয়েছেন। এখন এ কমিটির সদস্যদের যোগসাজশে উপজেলা শিক্ষা কর্মকর্তা চেক ভাঙিয়ে টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পোশাক ও উপকরণ নিশ্চিতকরণ কমিটিতে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক গোলাম খোরশেদ, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক লুৎফর রহমান, রস্ক প্রকল্পের প্রতিনিধি প্রশিক্ষণ সমন্বয়ক (টিসি) মাহবুবার রহমান. উপজেলা যুবলীগের সভাপতি আলী ইয়ারজং ও আনন্দ স্কুলের শিক্ষক প্রতিনিধি রনি হাসান আছেন।

পোশাক ও উপকরণ নিশ্চিতকরণ কমিটি নীলফামারীর ডিমলা উপজেলার স্টুডেন্ট কেয়ার গার্মেন্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পোশাক সরবরাহের জন্য চুক্তি করেছে। ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, তাঁরা প্রতি সেট পোশাক ২৪০ টাকায় পাটগ্রামের ৪৩৪টি আনন্দ স্কুলে সরবরাহ করেছেন। কারা এ টাকা পরিশোধ করেছে জানতে চাইলে তিনি জানান, ইউএনও, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পোশাক নিশ্চিতকরণ কমিটি তাঁদের পোশাক সরবরাহ করতে বলেছেন। চুক্তি অনুযায়ী প্রতি সেট পোশাকের জন্য দেওয়া হচ্ছে ২৪০ টাকা। অথচ বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ টাকা। বাকি ১৬০ টাকা আত্মসাৎ করা হচ্ছে।

কমিটির সদস্য গোলাম খোরশেদ দাবি করেন, কোনো শিক্ষকের কাছ থেকে অগ্রিম চেক নেওয়া হচ্ছে না। স্কুলের শিক্ষার্থীদের পোশাক ও উপকরণ নিশ্চিত করার পরই কেবল চেক নেওয়া হচ্ছে।

শিক্ষকেরা অভিযোগ করেন, ঈদুল ফিতরের আগে তাঁরা টাকা তুলতে গেলে সোনালী ব্যাংকের পাটগ্রাম শাখার ব্যবস্থাপক জানান, সিএমসির রেজুলেশনে উপজেলা শিক্ষা কর্মকর্তার সই নিয়ে আসতে হবে। এ ছাড়া তাঁরা চেকের টাকা দেবেন না। সই নিতে গেলে উপকরণ, পোশাক ও পরীক্ষার ফি বাবদ দেওয়া টাকার চেক দাবি করেন শিক্ষা কর্মকর্তা। এ সময় তিনি তাঁদের সাফ জানিয়ে দেন, চেক না দিলে তিনি রেজুলেশনে সই করবেন না। এ কারণে তাঁরা (শিক্ষকেরা) চেকের পাতা শিক্ষা কর্মকর্তাকে দিতে বাধ্য হন।

শাখা ব্যবস্থাপক মোসলেম উদ্দিন দাবি করেন, রেজুলেশনে শিক্ষা কর্মকর্তার সই ছাড়া চেকের টাকা দেওয়া যাবে না, এমন কথা তিনি বলেননি। তিনি শিক্ষকদের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তার সই আনতে বলেছিলেন। তিনি আরও জানান, অর্ধেক এলসি এখনো উপকরণ খাতের টাকা তোলেনি। অন্য খাতের সব টাকা তুলে নেওয়া হয়েছে।

 উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহম্মেদ বলেন, ‘উপজেলা শিক্ষা কমিটির অনুমোদন নিয়ে চেকের পাতা নিচ্ছি।’ তিনি দাবি করেন, যেসব বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে চেক নেওয়া হচ্ছে, সেসব বিদ্যালয়ে পোশাক সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফির অর্ধেক টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ওই টাকা দিয়ে কেনা প্রশ্ন ও খাতা এলসির শিক্ষকদের কাছে সরবরাহ করা হয়েছে।

শিক্ষকেরা অভিযোগ করেন, নিম্নমানের দেশি পলেস্টারের কাপড় দিয়ে তৈরি করা পোশাক সরবরাহ করা হয়েছে। অনেক শিক্ষার্থী তা পরতে পারে না। এখনো কোনো শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়নি।

উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চেক দেওয়ার ব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির বৈঠকে কোনো আলোচনা বা অনুমোদন দেওয়া হয়নি। শিক্ষা কর্মকর্তা কোনোভাবেই চেক নিতে পারেন না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ দাবি করেন, পোশাক ও উপকরণের সরবরাহ নিশ্চিতকরণের জন্য সাত সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিই দায়িত্ব পালন করছে। স্টুডেন্ট কেয়ার গার্মেন্টকে পোশাক সরবরাহের দায়িত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তাদের বক্তব্য। এটা আমার বিষয় নয়।’

রস্ক প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আকবর বলেন, ‘সিএমসি ও শিক্ষকেরা এসব বিষয়ে লিখিত অভিযোগ দিলে আমরা খোঁজ নিয়ে দেখতে পারি।’