কৌশলে দালালদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। সম্প্রতি অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন, দালাল ছাড়া পাসপোর্ট করাই যায় না। এর কারণ ওই কার্যালয়ের কর্মচারী থেকে শুরু করে দায়িত্বরত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দালাল ধরে সহজে পাসপোর্ট করার ব্যাপারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহিত করেন।অভিযোগ রয়েছে, পাসপোর্ট কার্যালয়ে ফরম জমা দিতে গেলেই ত্রুটি ধরে তা সংশোধন করে আনতে বলা হয়। পরদিন ত্রুটি সংশোধন করে আবার জমা দিতে গেলে নতুন কোনো ত্রুটি ধরে আবারও সংশোধনের কথা বলে সংশ্লিষ্টরা।১২ নভেম্বর কথা হয় জামালপুর থেকে আসা মো. মোক্তারের সঙ্গে। তিনি জানান, এ নিয়ে তৃতীয় দিনের মতো তাঁর আবেদন ফরমটি ত্রুটিপূর্ণ বলে জমা নেওয়া হয়নি। মোক্তারের অভিযোগ, ‘সব ভুল একদিনে ধরাইয়া দিলে তো আর তিন দিন কষ্ট করন লাগত না।’খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন কোনো না কোনো ত্রুটি ধরে আবেদন ফরম ফিরিয়ে দেওয়াটা কর্তৃপক্ষের একটা কৌশল। যাতে দূরদূরান্ত থেকে আসা স্বল্পশিক্ষিত লোকজন অতিষ্ঠ হয়ে দালালের শরণাপন্ন হয়। আর পাসর্পোট কার্যালয় ঘিরে সব সময় ৩০ থেকে ৪০ জন দালাল সক্রিয় থাকে।১২ নভেম্বর দেখা যায়, ফরম জমা নেওয়ার কাউন্টারের সামনে আবেদনকারীদের জটলা থাকলেও কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। চারপাশে ঘুরছে বেশ কয়েকজন দালাল। ৩০ মিনিট পর কাউন্টারে কর্তৃপক্ষের একজন এসে বসলেও তিনি অনুপস্থিতির কারণ হিসেবে বলেন, ‘সব সময় আবেদনকারীর ভিড় থাকে না। তাই কয়েকজন জড়ো হলে একসঙ্গে সবাইকে ডাকা হয়।’ একটু পরে দেখা গেল, আটজন আবেদনকারীর প্রত্যেকের ফরমেই কোনো না কোনো ত্রুটি দেখিয়ে পরে জমা দেওয়ার কথা বলে ফেরত পাঠান।ফেরত আসা ওষুধ প্রন্তুতকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, কাউন্টার থেকে ফেরত আসার সময় এক দালাল তাঁর কাছে এসে বলে, ‘মামা কাজ-টাজ করতে অইলে আমাগো দিয়া দেন। কাগজপত্র সব ঠিক কইর‌্যা জমা দিয়াম।’ পরিচয় জানতে চাইলে অকপটে স্বীকার করেন, ‘আমরা পাসপোর্ট আফিসে দালালি করি।’জানা যায়, প্রতিটি পাসপোর্টের জন্য সরকারি খরচ বাদে দালালকে তিন হাজার টাকা দিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল জানান, এই টাকা ভাগ-বাঁটোয়ারা হয়। এর মধ্যে বড় ভাগটা পাসপোর্ট কার্যালয়ে যায়। ১৫ নভেম্বর ফের সরেজমিনে দেখা যায়, দায়িত্বরত দুই পুলিশ সদস্য পাসপোর্ট কার্যালয়ের ভেতরে কয়েকজন আবেদনকারীর ফরম নিয়ে কাজ করছেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর দ্রুত আবেদনকারীদের ঘর থেকে বের করে দেন তাঁরা। এ সময় অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে হাবিলদার মো. রহিছউদ্দিন বলেন, এঁরা লেখাপড়া না জানা লোক। তাই ফরম পূরণে দুজন কনস্টেবল তাঁদের সাহায্য করছে। রহিছউদ্দিন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দালালদের ঢুকতে দেওয়া হয় না বলে তারা কুৎসা রটায়।’আনসারের সহকারী কমান্ডার মো. আবদুল্লাহও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হয়তো নিজেদের আত্মীয়স্বজন কেউ আসলে তাঁদের কথা স্যারদের বলি। কোনো সময় হয়তো অনুরোধ রাখেন, আবার কোনো সময় রাখেন না।’ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজ অফিসের ভেতরে। বাইরের শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।’ দালালদের তৎপরতা সম্পর্কে তিনি জানান, প্রতিদিন প্রায় দেড় হাজার লোকের সমাগম এখানে। তাই কে দালাল আর কে আবেদনকারী তা বোঝা মুশকিল। দালালদের সঙ্গে পাসপোর্ট কার্যালয়ের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, ‘এসব মানুষের মনগড়া কথা’।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তিন দিন ঘুরে আবেদন ফরম জমা দিতে না পেরে শেষে গত ১ অক্টোবর তিন হাজার টাকা দেওয়ার শর্তে ওই ত্রুটিপূর্ণ ফরমটি এক দালালের কাছে ধরিয়ে দেন তিনি। দালাল মারফত খবর পেয়েছেন তাঁর পাসপোর্টটি হয়ে গেছে। সেটি নিতে এসেছেন তিনি।