কৌশলে নির্যাতনকারীকে ধরল কলেজছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবের এক কলেজছাত্রী (ধর্ষণের শিকার) গতকাল বুধবার কৌশলে নির্যাতনকারীকে পুলিশে দিয়েছে। ওই ছাত্রীর পরিবার জানায়, ওই ছাত্রীর সঙ্গে পৌর শহরের লক্ষ্মীপুর মহল্লার রনি মিয়ার (২০) বন্ধুত্ব ছিল। তাঁদের মধ্যে প্রায়ই স্বাভাবিক কথাবার্তা হতো। এই অবস্থায় গত ২৯ জানুয়ারি রাতে রনি মেয়েটিকে বাড়ির কাছে একা পেয়ে তুলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার দুই দিন পর রনিকে আসামি করে ধর্ষণ মামলা করে ওই ছাত্রী। এত দিন রনি মেয়েটিকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছিলেন। ওই ছাত্রীর পরিবার রনিকে গ্রেপ্তারের জন্য পুলিশকে তাগিদ দিচ্ছিল। কিন্তু পুলিশ জানায়, তারা রনিকে খুঁজে পাচ্ছে না। অথচ মেয়েটির কাছে খবর ছিল, রনি ভৈরব শহরেই আছেন এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিছুদিন আগে রনি মেয়েটিকে মুঠোফোনে আবার মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ সময় ওই ছাত্রী শর্ত দেয়, তার সঙ্গে দেখা করলে সে মামলা তুলে নেবে। রনি রাজি হন। সিদ্ধান্ত হয় বুধবার (গতকাল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেখা করবেন।ওই ছাত্রী ঠিক সময়ে কাকা, ফুফুসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিয়ে সেখানে উপস্থিত হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে দেখা করতে আসামাত্র পরিবারের সদস্যরা রনিকে ধরে ফেলেন। পরে তাঁকে ভৈরব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি হেফাজতে থাকা রনি ধর্ষণের কথা অস্বীকার করে বলেন, ‘ওই মেয়েটির সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু ধর্ষণ করিনি। তাঁর কথামতো আজ সরল বিশ্বাসে দেখা করতে গিয়ে ধরা পড়লাম।’ পুলিশ জানায়, মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের সত্যতা পাওয়া গেছে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, ‘কিছুদিন হলো, আমি থানায় যোগ দিয়েছি। জেনেছি, রনি ধর্ষণ মামলার আসামি। আজ মেয়েটি নিজেই রনিকে ধরে থানায় দিয়ে গেছে।’