কৌশলে নোটবই বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোটবইয়ে প্রকাশনীর নাম আছে। অথচ এর ভেতরের পৃষ্ঠায় প্রকাশনা প্রতিষ্ঠানের কোনো ঠিকানা নেই। এ রকম বিভিন্ন প্রকাশনীর নামে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের বেশ কয়েকটি দোকানে নিষিদ্ধ নোটবই অবাধে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলেছেন, দায় এড়াতে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠান এ কৌশলের আশ্রয় নিয়েছে। এদিকে এসব নোটবই কিনতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে পপি, ইন্টারনেট, জুপিটার, পাঞ্জেরী, সোনারতরী, মেঘদূত, গ্যালাক্সীসহ বিভিন্ন প্রকাশনীর নামে প্রথম থেকে অষ্টম শ্রেণীর নোটবই বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থীদের অভিযোগ, নির্দিষ্ট প্রকাশনীর বই কিনতে বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের চাপ দেন। অনুসন্ধানে জানা গেছে, নোটবই বিক্রির ক্ষেত্রে একেকটি প্রকাশনা প্রতিষ্ঠান স্থানীয় এজেন্টদের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে টাকার ভাগ (কমিশন) দেয়। সম্প্রতি উপজেলা সদরের কয়েকটি বইয়ের দোকান ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রকাশনীর নোটবই স্তূপ করে রাখা। এসব বইয়ের ভেতরে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে শিশুপার্ক সড়কের একটি বইয়ের দোকানের মালিক এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের দেওয়া চাহিদা অনুযায়ী প্রকাশনা প্রতিষ্ঠানের লোকজনই নোটবই সরবরাহ করে। আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরা না পড়তে প্রকাশনা প্রতিষ্ঠান ঠিকানা উল্লেখ করেনি।’ নোটবই নিষিদ্ধ জেনেও কেন বিক্রি করছেন—এ প্রশ্নে ওই ব্যক্তিসহ কয়েকজন দোকানি বলেন, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এসে খোঁজ করেন। তাই তাঁরা বিক্রি করছেন। টাকার ভাগ দেওয়ার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা সদরে অবস্থিত মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রথম আলোকে বলেন, ‘জানুয়ারি মাসের দিকে কয়েকটি প্রকাশনীর লোকজন নোটবই বিক্রির উদ্দেশ্যে আমার সহযোগিতা চায়। অনৈতিক প্রস্তাবও দেয় তাঁরা। আমি তা প্রত্যাখ্যান করি। পরে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে তারা আলাদাভাবে যোগাযোগ করেছে কি না, এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’জুড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং জুড়ীতে অতিরিক্ত দায়িত্বে থাকা বড়লেখা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব জানান, নিষিদ্ধ নোটবই বিক্রি বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে কয়েক দিনের মধ্যে তাঁরা অভিযান চালাবেন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সম্পৃক্ততার অভিযোগটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নোটবই ব্যবহারের প্রবণতা ঠেকাতে সামাজিক আন্দোলনেরও দরকার।