কৌশলে পুকুর ভরাট
এক ট্রাক মাটি ফেলার পর বিরতি। এক দিন পর আবারও এক ট্রাক মাটি ফেলা হচ্ছে। এভাবে কৌশলে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসনের একটি পুকুর ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, পুকুরটি ভরাট নয়, বিদ্যালয় ভবনের সুরক্ষার জন্য তারা মাটি ফেলছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের ব্যাকরোডে জেলা প্রশাসনের ১ নম্বর খতিয়ানে প্রায় এক একর আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরের পূর্ব পাশে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ। পশ্চিমে হবিগঞ্জ পৌরসভার প্রধান সড়ক (ব্যাকরোড)। ওই বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন পুকুরটি ৪৮ বছর আগে ইজারা দেয়। তবে পুকুরটি এলাকাবাসী ব্যবহার করছে।
এলাকার অনেকে জানান, বেশ কিছু দিন ধরে ওই পুকুরে ট্রাক দিয়ে মাটি ফেলা হচ্ছে। এক ট্রাক মাটি ফেলার পর একটু বিরতি দেওয়া হচ্ছে। পরে আবার মাটি ফেলা হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, পুকুরের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ—এই তিন পাশে প্রায় ৫০ ফুট করে জায়গাজুড়ে মাটি ফেলা হয়েছে। এলাকার কয়েকজন জানান, পুকুরের উত্তর দিকের ৭ শতক জায়গার মালিকানা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষকের পরিবারের মামলা চলছে। এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ উত্তর পাশে মাটি ভরাট করছে না।
রাজনগর এলাকার অধিবাসী আবদুল কাইয়ুম বলেন, ‘শুনছি হাইস্কুল কর্তৃপক্ষ পুকুর ভরাট করে স্কুলের পশ্চিম পাশে মার্কেট তৈরির পরিকল্পনা করছে। যে কারণে তারা চুপি চুপি ভরাটকাজ চালাচ্ছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘আমরা সরেজমিনে দেখেছি, পুকুর ভরাটের কাজ চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ পুকুরটি প্রয়োজন। তাই পুকুর ভরাট বন্ধ হওয়া উচিত। ভরাট বন্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে অচিরেই হবিগঞ্জবাসী এর প্রতিবাদ জানাবে।’
হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আবু লেইছ প্রথম আলোকে জানান, ভরাট নয়। পুকুরের পূর্ব পাশে হাইস্কুলের ভবন ঝুঁকিতে থাকায় ভরাট করা হচ্ছে। পশ্চিম দিকে ভরাটের বিষয়ে তিনি বলেন, পুকুরপাড় বড় করা এবং সুরক্ষার জন্য হাইস্কুল কমিটির অনুমোদন সাপেক্ষে এই ভরাট করা হচ্ছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম বলেন, পুকুর ভরাটের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।