কৌশলে বেঁচে গিয়েছিলেন পীযূষ কান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাত্তরের ১৯ মে রাতে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সঙ্গে নিয়ে ইউসুফ মোরেলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে শান্তি রঞ্জন, সত্য রঞ্জন, কেশব চন্দ্র, অমর দাশ ও তিনিসহ ছয়জন হিন্দুকে আটক করে। পরে ইউসুফের নির্দেশে রাজাকাররা নির্যাতনের পর একেক করে শান্তি রঞ্জন, সত্য রঞ্জন, কেশব চন্দ্রকে গুলি করে হত্যা করে। তবে কৌশলে তিনি (পীযূষ কান্তি ঘড়াই) ও অমর দাশ পালিয়ে বাঁচেন।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার জবানবন্দি দিতে গিয়ে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী ৬০ বছর বয়সী পীযূষ কান্তি এসব তথ্য জানান। এ ছাড়া জবানবন্দি দিয়েছেন ১১তম সাক্ষী মুকুল রানী দাস (৬৫)। তাঁদের জবানবন্দির আগে রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আবদুর রউফ মল্লিককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। দুই সাক্ষীর জবানবন্দি শেষে তাঁদের জেরার জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

জবানবন্দিতে পীযূষ কান্তি বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে। তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের ১৭ মে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে ইউসুফের নির্দেশে রাজাকারেরা স্বাধীনতাকামী ও হিন্দু ধর্মাবলম্বীদের ৩০০-৪০০ দোকান লুট করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার অন্যদের সঙ্গে তিনি দূর থেকে দেখেন।

পীযূষ আরও বলেন, একাত্তরের ১৩ মে ইউসুফের উপস্থিতিতে ও নির্দেশে রাজাকারেরা মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককে বারুইখালী ক্যাম্পে নিয়ে হত্যা করে। ইউসুফের নির্দেশে ২৯ জুলাই রাজাকাররা মোরেলগঞ্জ বাজারের চিকিত্সক আবদুল মজিদকে হত্যা করে।

একাদশতম সাক্ষী মুকুল রানী দাস: একাত্তরের ১৯ মে রাজাকাররা তাঁর স্বামী শান্তি রঞ্জন দাস, দেবর সত্য রঞ্জন, কেশব চন্দ্র, ভাই শংকর চন্দ্র দাস, বৃদ্ধ কাকা শ্বশুর সন্তোষ কুমার দাসকে ধরে নিয়ে যায়। সন্তোষ বৃদ্ধ হওয়ায় কিছু দূর যাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি তাঁকে জানান ইউসুফ তাঁদের নিয়ে গেছেন। দুই তিন ঘণ্টা পরে তিনি গুলির শব্দ পান।

পরে তিনি একই এলাকার পীযূষের কাছে শোনেন ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁর স্বামীসহ আরও চারজনকে হত্যা করে। পীযূষ ও অমর সেখান থেকে পালিয়ে বাঁচেন।