কৌশলে ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দুর্বৃত্তরা গত মঙ্গলবার সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করেছে।গোয়েন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শহরের এমএমটি ব্রিকসের মালিক সেলিম মৃধা (৪০) মঙ্গলবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা ওঠান। তিনি মাদ্রাসা মোড়ে যাওয়ার পর সাদা রঙের একটি মাইক্রোবাসে চেপে ছয় তরুণ তাঁর পথ রোধ করে। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয় এবং সেলিম মৃধাকে জোর করে তুলে নেয় মাইক্রোবাসে। দুর্বৃত্তরা গাড়ির ভেতর তাঁকে মারধর করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয় এবং ঢালান নামক স্থানে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।নাটোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলার রহমান বলেন, ‘আমরা এ ধরনের অভিযানে অংশ নিইনি। আমাদের পরিচয়ে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা দুর্বৃত্তদের ধরার চেষ্টা করছি।’