কৌশলে রক্ষা পেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার সকালে এক মাদ্রাসাছাত্রকে (৯) অপহরণ করা হয়। দুপুরে সে কৌশলে বাড়ি ফিরে আসে। ফিরে আসা শিশুটি জানায়, প্রতিদিনের মতোই গতকাল সকাল ছয়টার দিকে সে তার মামাতো ভাই ওই মাদ্রাসার আরেক ছাত্রের (১১) সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শিমুলতলী মোড়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে যেতেই ময়মনসিংহগামী একটি কালো রঙের মাইক্রোবাস রাস্তার পাশে তাদের কাছে দাঁড়ায়। তখন গাড়ি থেকে দুজন লোক নেমে তার নাকে-মুখে একটি হলুদ রঙের রুমাল জড়াতেই সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে দেখে সে একটি টিনের ঘরের মধ্যে বন্দী। সেখানে তার বয়সী আরও তিনজন ছেলেও রয়েছে। কিছুক্ষণ পরে দুই অপহরণকারী তাদের ঘরে রেখে বাইরে তালা লাগিয়ে অন্য কোথাও চলে যায়। পরে সে ঘরের পেছনের দিকের টিনের বেড়ার তার খুলে দেখে বাইরে বিশাল জঙ্গল। এ সময় ঘরে থাকা অন্যরাও তার সঙ্গে বেরিয়ে পড়ে। কিছুদূর এগিয়ে যেতেই একটি বাস দেখা যায়। সে বাসে ওঠি। অন্যরাও বাঁচার জন্য যে যার মতো চলে যায়। বাসে চড়ে সে ময়মনসিংহ পর্যন্ত আসে। পরে সে ময়মনসিংহ থেকে বাসযোগে ঈশ্বরগঞ্জ চলে আসে। এ ঘটনার বর্ণনা দিতে দিতে শিশুটি বারবার ভয়ে আঁতকে ওঠে। শিশুটির মা বলেন, ‘ছেলেকে অপহরণ করে নিয়ে গেলেও আল্লায় আমার বাপধনরে আমার কোলে ফিরায়ে দিছে।’ শিশুটির বাবা জানান, ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে—এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি থানাকে জানান। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, শিশুটি ফিরে আসার পর তার পরিবার তাকে থানায় নিয়ে আসে। এ সময় শিশুটি বেশ আতঙ্কগ্রস্ত ছিল। ঘটনার পূর্ণ বিবরণ শোনার পর অপহরণকারী চক্রকে ধরার চেষ্টা করা হবে।