বরগুনা সদর উপজেলার অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির ৪৯টি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টাকা আত্মসাতের জন্য প্রকল্প কমিটি নানা কৌশলের আশ্রয় নিয়েছে।স্থানীয় লোকজন ও শ্রমিকেরা অভিযোগ করেন, প্রকল্প কমিটি অল্পসংখ্যক শ্রমিক নিয়োগ করে বেশি শ্রমিকের নামে মজুরি তুলেছে এবং যে কয় দিন কাজ করানোর কথা সে কয়েক দিন করায়নি। একই সঙ্গে কমিটি দায়সারাভাবে কাজ করেছে এবং চুক্তিতে শ্রমিক নিয়োগ করেছে। সরেজমিনে বিভিন্ন প্রকল্প এলাকায় গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এই কর্মসূচির প্রথম পর্যায়ে সদর উপজেলার ১০ ইউনিয়নে ৪৯টি প্রকল্পে এক কোটি দুই লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের শর্ত অনুযায়ী প্রত্যেক শ্রমিক দৈনিক ৪৫ ঘনফুট মাটি কেটে ১৭৫ টাকা করে মজুরি পাবেন। গত ১ এপ্রিল থেকে প্রকল্পের কাজ শুরু হয়। আগামী ১ জুন কাজ শেষ হওয়ার কথা। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া মোট ৪০ দিন কাজ হবে।গত ৪ ও ৯ মে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, চরপাড়া গ্রাম থেকে পাতাকাটা সেতু পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা মেরামত প্রকল্পের কাজ বন্ধ। অথচ ওই দুই দিন কাজ করার কথা ছিল। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ১৫-২০ জন শ্রমিক দিয়ে চার-পাঁচ দিনে কয়েকটি খাদ ভরাট ও উঁচু জায়গাগুলো ছেঁচে কোনো রকম সমান করা হয়েছে। প্রকল্পের শ্রমিক আবদুল হালিম জানান, ৯ মে পর্যন্ত এই রাস্তায় সব মিলিয়ে সাত দিন কাজ হয়েছে, অথচ ২৬ দিন কাজ করার কথা ছিল। এই কাজে ৮১ জন শ্রমিক নিয়োগের কথা থাকলেও প্রথম দিন ৮০ জন এবং এরপর থেকে প্রতিদিন ২০-৩০ জন করে শ্রমিক কাজ করেছেন। প্রকল্প কমিটির সভাপতি দুলাল হোসেন দাবি করেন, ৮১ জন শ্রমিক দিয়ে তিনি ১২ দিন কাজ করিয়েছেন। ৫ মে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা এলাকার অশোক হাওলা রাস্তা সংস্কার প্রকল্প এলাকায় গিয়ে ৩০ জনের স্থলে ১০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। নাম গোপন রাখার শর্তে শ্রমিকেরা জানান, তাঁরা মোট কাজ করেছেন নয় দিন। এই নয় দিন তাঁদের দিয়ে কাজ করানো হয়েছে চুক্তিতে। প্রতি হাজার ঘনফুট মাটি তাঁরা দুই হাজার ৫০০ টাকা চুক্তিতে কেটেছেন। প্রকল্প কমিটির সভাপতি আবদুল বারেক হাওলাদার বলেন, ‘আমরা ২২ দিন কাজ করিয়েছি এবং শ্রমিকদের ১৮ দিনের মজুরি দিয়ে দিয়েছি।’৭ মে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের রোড়পাড়া খাল খনন প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, ছয় হাজার ফুট খাল খননের কথা থাকলেও স্থানীয় রোড়পাড়া স্লুইসগেট থেকে আব্বাস হোসেন মোল্লার বাড়ি পর্যন্ত দুই হাজার ফুট খনন করে কাজ শেষ করা হয়েছে। জানা গেছে, ফুলঝুরি ও গৌরিচন্না এই দুই ইউনিয়নে পড়া খালটি খননের জন্য দুটি প্রকল্পে ১৭৮ জন শ্রমিক নিয়োগ করার কথা। কিন্তু সেখানে অর্ধেকেরও কম শ্রমিক নিয়োগ করা হয়েছে।গৌরিচন্না ইউনিয়ন অংশের প্রকল্প সভাপতি সাগর চৌধুরী বলেন, ‘আমার অংশের কাজ অনেক ভালো হয়েছে এবং আমি ৭৮ জন শ্রমিক দিয়ে প্রায় ২২ দিন কাজ করিয়েছি।’ ফুলঝুরি ইউনিয়ন অংশের প্রকল্পের সভাপতি দুলাল খানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সদর উপজেলার পিআইও রণজিৎ কুমার কর্মকার জানান, ইতিমধ্যে কাজের ৫৫-৬০ ভাগ শেষ হয়েছে। কয়েকটি প্রকল্প এলাকায় অনিয়মের বিবরণ তুলে ধরলে তিনি বলেন, আমি দুই দিন ধরে একটি প্রশিক্ষণে আছি, এসে আপনার সঙ্গে কথা বলব।’জেলা ত্রাণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, এখন পর্যন্ত তাঁদের হিসাবে ৬৫ শতাংশ হয়েছে। ১৬ মে পর্যন্ত প্রকল্পের সভাপতি ৩০ দিনের বিল নিয়ে গেছেন। কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।