কৌশলে সবজি আবাদ

চৈত্র মাসে হঠাৎ বৃষ্টিতে জমিতে হাঁটুপানি জমে গেছে। ওদিকে সবজি আবাদের সময়ও পেরিয়ে যাচ্ছে। তাই কৌশলে সবজি ফলানোর উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের কৃষকেরা। জমির মাটি কেটে তাঁরা সার বেঁধে স্তূপ তৈরি করে তাতে বপন করছেন নানা রকম সবজির বীজ।
নান্দাইলের বেতাগৈরি ও ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই পদ্ধতিতে নানা ধরনের সবজির আবাদ করছেন অনেক কৃষক। দুটি ইউনিয়নের অন্তত ২৫ জন কৃষক জানান, জমিতে হাঁটু সমান পানি থাকলেও তাঁদের এ কৌশলের কারণে চাষাবাদে কোনো সমস্যা হচ্ছে না।
গত বৃহস্পতিবার নান্দাইলের বাহাদুর নগর, ঈশ্বরগঞ্জের নাউরিসহ কয়েকটি গ্রামে গিয়ে কৃষকদের সবজি চাষের কৌশলী পদ্ধতি চোখে পড়ে। চাষাবাদের জমি জলাবদ্ধ। সেচ দিয়ে পানি নিষ্কাশনের সুযোগ থাকলেও যেকোনো সময় বৃষ্টিতে আবার পানি জমে যেতে পারে। তাই জমি থেকে মাটি কেটে স্তূপ করছেন কৃষকেরা। ওই স্তূপে জৈবসার প্রয়োগ করে নানা ধরনের সবজির বীজ বপন করছেন।
নাউরী গ্রামের আবদুল মতিন (৫৮) বলেন, তিনি বাড়ির সামনে ৫৫ শতক জমিতে শসা আবাদের উদ্যোগ নিয়েছেন। জমি থেকে পানি সরছে না। তাই মাটির স্তূপ তৈরি করে ৪০ দিনের মধ্যে শসা ফলানোর লক্ষ্যে কাজ করছেন তিনি। আগামী মে মাসের শেষ দিকে রমজান মাস শুরু হবে। ওই সময় বাজার ধরতে পারলে দাম বেশি পাওয়া যাবে। মতিনের ছেলে ইসমাইল জানায়, কলেজে ভর্তির প্রস্তুতির সময় বাদে বাকি সময়টুকু সে জমি আবাদে বাবাকে সহায়তা করছে। মতিন জানান, শসাগাছ বড় হয়ে উঠলে প্লাস্টিকের সুতা ও বাঁশ দিয়ে মাচান করে দেবেন।
নান্দাইলের বাহাদুর নগর গ্রামের আবুল গফুর (৬৫) বলেন, তিনি ১৫ শতক জমিতে শসা আবাদের উদ্যোগ নিয়েছেন। উচ্চফলনশীল জাতের শসার চাষ করছেন। চাষযোগ্য জমি জলাবদ্ধতার কারণে ফেলে রেখে কী হবে? তাই বীজ লাগানোর স্থানটির মাটি দুই থেকে আড়াই ফুট উঁচু করে ঢিবির মতো করেছেন। বীজ বপনের পর ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে শসা বিক্রি করতে পারবেন। গতবার ১৫ শতক জমি থেকে খরচ বাদে ৩৫ হাজার টাকা আয় হয়েছিল তাঁর।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মাঠপর্যায়ে কাজ করে অনেক কৃষক নিজের মতো করে চাষাবাদের পদ্ধতি উদ্ভাবন করে থাকেন। তা প্রয়োগ করে ভালো ফল পাওয়া যায়। একজনের দেখাদেখি আরেকজন তা অনুসরণ করেন।