বাজারদরের চেয়ে টনপ্রতি অন্তত পাঁচ হাজার টাকা কমে টিআর-কাবিখা প্রকল্পের চাল কেনাবেচার মাধ্যমে ৩১ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার ডিও (সরবরাহ আদেশ) কেনাবেচায় জড়িত একটি সংঘবদ্ধ চক্র। চলতি অর্থবছরে টিআর ও কাবিখা কর্মসূচি বাস্তবায়নের জন্য এ উপজেলায় বরাদ্দ আসা ৬২৬ টন চাল কম দামে কিনে নিয়ে চক্রটি ওই পরিমাণ টাকা হাতিয়ে নেয়।অভিযোগ উঠেছে, কাবিখা কর্মসূচির খাদ্যশস্য ভুয়া মাস্টাররোলের মাধ্যমে শ্রমিকদের মাঝে বিতরণ দেখিয়ে বরাদ্দের ডিও আগাম বিক্রি করে দিচ্ছেন প্রকল্পসংশ্লিষ্টরা। আর বিতরণ না করেও খাদ্যশস্য পরিবহন খরচ দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। ডিও বিক্রি করে ১৭ হাজার টাকা পেলেও প্রকল্প কমিটিকে ৩৪ হাজার টাকার খরচের ভাউচার দিতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে কালাই উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রায় ২০০ প্রকল্পের বিপরীতে ৬২৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের তালিকা দাখিলের পরপরই ডিও কম দামে হাতিয়ে নিতে মাঠে নামে চক্রটি। পিআইওর কার্যালয় থেকে তালিকা সংগ্রহ করে তাঁরা প্রকল্প কমিটির কাছ থেকে বাজারদরের চেয়ে অনেক কম দামে হাতিয়ে নেয় ডিও। কৌশল হিসেবে কোনো কোনো প্রকল্প কমিটিকে আগাম টাকাও প্রদান করে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকল্প কমিটির সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, ডিও কেনাবেচা চক্রটির সঙ্গে পিআইওর কার্যালয় জড়িত। কম দামে কেনা এসব চালের ডিও জালিয়াতির মাধ্যমে গুদাম থেকে বের না করেই বিভিন্ন মিলারের নামে নতুন চাল হিসেবে বেশি দামে রাতের আঁধারে গুদামে সমন্বয় করা হচ্ছে বলেও কেউ কেউ অভিযোগ করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকল্পের সভাপতি জানান, পিআইওর কার্যালয়ে কমিটি দেওয়ার পর ডিওতে স্বাক্ষর নেওয়া হয়। এরপর সেখানে অবস্থানকারী ডিও কেনাবেচা চক্রের সদস্যরা বরাদ্দের অর্ধেক টাকা হাতে ধরিয়ে দেন। ডিও বিক্রি করে ১৭ থেকে ১৮ হাজার টাকা পেলেও পিআইওর কার্যালয় থেকে খরচের ভাউচার দিতে হচ্ছে প্রতি টনে প্রায় ৩৪ হাজার টাকা। বাসুড়া পশ্চিমপাড়া জামে মসজিদ প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, ‘মসজিদের উন্নয়নে টিআর কর্মসূচি থেকে বরাদ্দ পাওয়া এক টন চালের ডিও বাবদ মিলেছে ১৭ হাজার ৫০০ টাকা। অথচ পিআইওর কার্যালয় থেকে খরচের ভাউচার চাওয়া হচ্ছে প্রায় ৩৪ হাজার টাকার।’ডিও ক্রেতা হেলাল উদ্দিন বলেন, ‘বোরোর মৌসুমে ২৯ হাজার টাকায় এ চাল সরকার কিনলেও বর্তমানে বাজারে এর দাম সর্বোচ্চ ১৯ হাজার টাকা। খরচ বাদে খুব সামান্যই লাভ টিকে।’ বজলার রহমান বলেন, ‘লাভের আশায় সবাই ব্যবসা করে। প্রকল্পের চাল কেনাবেচা দোষের কিছু নয়। আর ২২-২৩ টাকার যে চালের কথা বলা হচ্ছে, সেটা আসলে আমন মৌসুমের মোটা চাল। বোরোর মৌসুমের এ চাল বাজারে ২০ টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না।’ উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান বাজারে ২২ টাকার কমে এক কেজি চাল মিলছে না। অথচ কিছু লোক সরকারি প্রকল্পের চাল কিনছেন খানিকটা পানির দামে।কালাই উপজেলা পিআইও এ কে এম মান্নান বলেন, টিআর প্রকল্পের চাল বিক্রিতে বাধা নেই; তবে কাবিখা প্রকল্পের চাল বিক্রি আইনসিদ্ধ নয়। প্রকল্পতেই ডিও কেনাবেচা হয় এটা সত্যি, তবে কম দামে ডিও বিক্রি করলেও টিআর প্রকল্পে প্রতি টন চালে প্রায় ৩৪ হাজার টাকার খরচের ভাউচার দিতে হবে প্রকল্প কমিটিকে। আর কাবিখা প্রকল্পে শ্রমিকদের মজুরি বাবদ চালের মাস্টাররোল জমা দিতে হবে। উপজেলা খাদ্যগুদামের পরিদর্শক (ওসি-এলএসডি) আবদুর রাজ্জাক বলেন, টিআর-কাবিখা প্রকল্পের চাল ডিও জালিয়াতি করে কিংবা গুদাম থেকে বের করার পর তা মিলারের নামে নতুন করে সরকারনির্ধারিত দরে গুদামে বিক্রি করার অভিযোগ ভিত্তিহীন।