কৌশলের 'বোমা মেশিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারির উত্তর-পূর্ব দিক পুরোটাই সীমান্ত। বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদের একাংশে কৌশলে ‘বোমা মেশিনে’ পাথর উত্তোলন চলছে, ছবি: আনিস মাহমুদ
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারির উত্তর-পূর্ব দিক পুরোটাই সীমান্ত। বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদের একাংশে কৌশলে ‘বোমা মেশিনে’ পাথর উত্তোলন চলছে, ছবি: আনিস মাহমুদ

দূর থেকে দেখলে মনে হবে জলপথ দিয়ে কোনো স্থাপনা গন্তব্যে যাচ্ছে। কিন্তু না, কাছে গেলে বোঝা যায়, এ এক অভিনব কৌশল। উভয় দিকে সমান দূরত্ব রেখে পানির মধ্যে ভাসমান স্থাপনায় নিষিদ্ধ ‘বোমা মেশিন’ দিয়ে উত্তোলন করা হচ্ছে পাথর। একেকটিতে একাধিক যন্ত্র।
পরিবেশ অধিদপ্তরের অভিযান হলেও ধরতে না পারার এ কৌশল। নাম পড়েছে—‘ভাসান্যা’। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে দেখা গেছে এ কৌশলে একাধিক পাথর উত্তোলন যন্ত্র চলছে। ভোলাগঞ্জের ধলাই, জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদ এলাকায় সিলেটের সর্ববৃহৎ পাথর কোয়ারি। এসব কোয়ারিতে পাথর উত্তোলনে ‘বোমা মেশিন’ নামের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ।
পাইপ বসিয়ে পাওয়ার পাম্পকে ব্যবহার করে এ যন্ত্র মাটির তলদেশ থেকে পাথর উত্তোলন করা হয়। এতে করে ভুগর্ভের মাটির স্তর পরিবর্তন হওয়ার আশঙ্কায় ২০১০ সাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট অঞ্চলের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার জানান, বেলার দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে উচ্চ আদালত বোমা মেশিন বন্ধ করার আদেশ দেন। এর পরও এ পদ্ধতি অব্যাহত থাকায় ২০১১ সালে আদালত অবমাননার মামলাও হয়। ওই মামলার রায়ে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন নিষিদ্ধ ঘোষণা হয়। এ নিষেধাজ্ঞা পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে বাস্তবায়ন করার নির্দেশনা রয়েছে। সেই থেকে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নিয়ে নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
সম্প্রতি ধলাই, ডাউকি ও পিয়াইন এলাকা সরেজমিন ঘুরে বোমা মেশিন চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিতপত্র দেয় বেলা। এ সূত্রে পরিবেশ অধিদপ্তরের নতুন করে অভিযান এড়াতেই ভোলাগঞ্জে বোমা মেশিন চালাতে ভাসান্যা কৌশল নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পরিবেশ অধিদপ্তরের অভিযান হলে হাতের নাগালে না পাওয়ায় অন্তত যন্ত্র কিছুটা হলেও রক্ষা পায়, সে জন্য ভাসান্যা কৌশল। ধলাই নদের উত্তর-পূর্ব দিকে সীমান্তবর্তী এলাকায় একাধিক ভাসাইন্যা চলতে দেখা যায়। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অংশে অনেকটা দ্বীপের মতো করে ভাসছিল একটি ভাসাইন্যা। পাথরের কারবারি সেজে ওই মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, অভিযান থেকে পাথর উত্তোলন যন্ত্র রক্ষা করতেই এ কৌশল। তাঁদের তথ্যমতে, ভোলাগঞ্জ ও জাফলংয়ে পাথর কোয়ারিতে বোমা মেশিন দুটো কৌশলে চলে। এর মধ্যে এ কৌশলটি মূলত অভিযান শুরু হলে মেশিন রক্ষার কৌশল। ভোলাগঞ্জে কর্মরত কিশোরগঞ্জ, ইটনা, ভৈরব ও নেত্রকোনার পাথরের কারবারিরা ‘ভাসাইন্যা’ কৌশল চালু করেছেন।
পর্যবেক্ষণ থেকে স্থানীয় লোকজন জানান, ‘ভাসান্যা’ কথাটি ভ্রাম্যমাণ ও ভাসমান থেকে প্রচলিত হয়েছে। জলমগ্ন একটি নির্দিষ্ট জায়গায় স্থাপনা তৈরি করে বসানো হয় একাধিক যন্ত্র। এতে সংশ্লিষ্ট শ্রমিকের সংখ্যা থাকে অর্ধশতাধিক। ঘুরে ঘুরে যন্ত্র চলে। যে জায়গায় সেটি চলে, সেখান পরবর্তী সময়ে গভীর হয়ে পড়ায় আশপাশেও ভাঙন দেখা দেয়। যখন এ অবস্থার সৃষ্টি হয়, তখন ভাসান্যার স্থান বদলানো হয়। ভোলাগঞ্জের পূর্ব দিকে একাধিক ভাসাইন্যা চলার পর স্থান পরিবর্তন ও পরবর্তী সময়ে ওই সব স্থানে ভাঙনও দেখা গেছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, ভাসান্যা অর্থাৎ ভ্রাম্যমাণ কৌশলের এ যন্ত্র অভিযানকালে হয় পানিতে ফেলে রাখা হয়, নাহয় পানির মধ্যবর্তী স্থানে রেখে লোকবল সরিয়ে ফেলা হয়। যন্ত্রটি তখন হাতের নাগালে না পাওয়ায় ধংস করা সম্ভব হয় না। অভিযান শেষে ভাসান্যার পরিচালনাকারীরা ফের যন্ত্রটি তুলে সচল করতে সক্ষম হয়। তবে এটি একটি কৌশল হলেও অভিযানকালে কিছুই অক্ষত থাকে না বলে দাবি করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন।
গত ছয় মাসের অভিযানের বরাত দিয়ে তিনি জানান, গত বছরের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ভোলাগঞ্জ ও জাফলংয়ে ৮৫টি বোমা মেশিন ধংস করা হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসেই ভোলাগঞ্জে ৩৫টি বোমা মেশিন ধংস করা হয়। যার অধিকাংশ চলছিল নানা কৌশলে।