ক্বণনের ৩০ বছর পূর্তি উৎসব
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আবৃত্তির মধ্য দিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্বণন আবৃত্তি সংগঠনের ৩০ বছর পূর্তি উৎসবের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ভারতের প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কবি মন্দাক্রান্ত সেন, কবি মৃদুল দাশগুপ্ত, বাংলাদেশের কবি অসীম সাহা ও অঞ্জনা সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বণনের সভাপতি মোসতাক খন্দকার।
বক্তারা বলেন, আবৃত্তি শিল্প স্বতন্ত্র একটি শিল্প হিসেবে এখন জায়গা করে নিয়েছে। শুদ্ধ আবৃত্তিচর্চার মাধ্যমে কবির চিন্তাশীল সৃষ্টিকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজটি করেন আবৃত্তিকার।
অনুষ্ঠানে ক্বণনের সদস্যরা ‘মনে রেখো, মানুষই মরেছে’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। আরও ছিল কলকাতা ও বাংলাদেশের আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।
এর আগে গতকাল বিকেলে নগরের চেরাগি পাহাড় মোড় থেকে উৎসব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।