ক্যউচিং চাককে ফুলেল সংবর্ধনা
বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাককে বরণ করে নিয়েছেন এলাকাবাসী।
জেলা পরিষদের সদস্য পদে চাক সম্প্রদায়ের প্রতিনিধি ক্যউচিং চাক গত বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে চাকপল্লিতে আসেন। এ সময় তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এলাকাবাসী।
ক্যউচিং চাক ৩৪ বছর ধরে নাইক্ষ্যংছড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। ২৯ মার্চ তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব নেন।
চাক সম্প্রদায়ের নেতা উক্যমং চাক জানান, ক্যউচিং চাক এ সম্প্রদায়ের মধ্য থেকে জেলা পরিষদের প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে চাক নারী-পুরুষেরা ফুলের মালা দিয়ে ক্যউচিং চাককে বরণ করে নেন। পরে তাঁকে চাকপাড়া কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি চোচুমং মার্মা।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্যউচিং চাক বলেন, ‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। দুর্নীতি-অনিয়মকে কোনো দিন প্রশ্রয় দেব না। শিক্ষার প্রতি থাকবে বিশেষ নজর।’