
বাংলাদেশে মাত্র তিনটি ক্যাঙারু আছে। তিনটিই রয়েছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। অস্ট্রেলিয়ান এই প্রাণীগুলোকে দক্ষিণ আফ্রিকার কোর সাফারি থেকে ২০১৪ সালে আনা হয়। পার্কের অন্যান্য প্রাণীর মধ্যে ক্যাঙারুর দর্শকপ্রিয়তাও একটু বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, প্রতিদিন এই পার্কে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে। দিনের বেশির ভাগ সময় ক্যাঙারুর খাঁচার সামনে ভিড় লক্ষ করা যায়। দক্ষিণ এশিয়ায় ক্যাঙারু খুব বেশি একটা নেই।
সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে জানান, ক্যাঙারু মূলত অস্ট্রেলিয়া ও এর আশপাশের দ্বীপ অঞ্চলে থাকে। বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠার পর দক্ষিণ আফ্রিকা থেকে তিনটি ক্যাঙারু আনা হয়। এগুলোর মধ্যে একটি পুরুষ ও দুটি স্ত্রী। গত বছরের নভেম্বরে একটি ক্যাঙারু বাচ্চা দেয়। জন্মের ছয় মাস পর বাচ্চাটি মারা যায়। অস্ট্রেলিয়ার স্থানীয় পরিবেশের মতো করে সাফারি পার্কে ক্যাঙারুর আবাসস্থল তৈরি করা হয়েছে। ক্যাঙারুর গড় আয়ু ১৭ থেকে ২২ বছর। পুরুষ ক্যাঙারুর রং হলদে-লাল এবং স্ত্রী ক্যাঙারু ধূসর হয়ে থাকে। পরিণত বয়সে ক্যাঙারুর দৈর্ঘ্য দুই থেকে আড়াই মিটার পর্যন্ত হতে পারে। বাচ্চা প্রসবের পরপরই এরা বুকে থাকা থলিতে রেখে বাচ্চার পরিচর্যা করে। পেছনের পা সামনের পায়ের তুলনায় তিন গুণ বড় ও শক্তিশালী। এরা পেছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে চলাচল করে। খাদ্য হিসেবে এরা গাছের পাতা, ঘাস ও দানাদার খাবার খায়। কিছু প্রজাতির ক্যাঙারু মাটিতে গর্ত করে সেখানে বাস করে। আবার কিছু ঝোপঝাড়ে বাসা তৈরি করে। খুব শিগগিরই একটি স্ত্রী ক্যাঙারুর বাচ্চা প্রসবের সম্ভাবনা আছে।