ক্যাঙ্গারু পারভেজের সন্ধান চাইলেন শামীম ওসমান
নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান তাঁর প্রধান সহযোগী জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজের সন্ধান চেয়েছেন। আজ বৃহস্পতিবার সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে তিনি এ দাবি জানান।
শামীম ওসমান বলেন, ‘যুবলীগ নেতা পারভেজ দীর্ঘদিন ধরে নিখোঁজ। তার স্ত্রী-সন্তান আমার কাছে এসে জানতে চায় পারভেজ কোথায়? আমি উত্তর দিতে পারি না।’
পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন। পারভেজের পরিবারের দাবি, গত বছরের ৬ জুলাই তিনি রাজধানীর গুলশান থেকে নিখোঁজ হন। ত্বকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনের নামে থানায় অবগতিপত্র দেওয়া হয়। এতে সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে শামীম ওসমান প্রথম এবং তৃতীয় ক্যাঙ্গারু পারভেজ। ক্যাঙ্গারু পারভেজ নিখোঁজ হওয়ার পর তাঁর সন্ধানের দাবিতে শামীম ওসমানের আয়োজনে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সমাবেশ হয়। সেখানে পারভেজের স্ত্রী সোহানা দাবি করেন, মেয়র সেলিনা হায়াত্ আইভী ও রফিউর রাব্বি পারভেজকে গুম করিয়েছেন। শহীদ মিনারে সাঁটা তানভীর মোহাম্মদ ত্বকীর ছবি ছিঁড়ে পারভেজের ছবিও সেঁটে দিয়েছিল শামীম ওসমানের ক্যাডাররা। ১৯৯৬ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জের সাংসদ নির্বাচিত হওয়ার পর ক্যাঙ্গারু পারভেজ তাঁর ক্যাডার বাহিনীতে যুক্ত হন।
এ ছাড়াও আজ শামীম ওসমান ২০০১ সালে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে কি না, জানতে চান। তিনি বলেন, সিআইডি দীর্ঘদিন পর বোমা হামলার ঘটনায় অভিযোগপত্র দিয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি লে. কর্নেল কিসমতের ভাই এতে ১ নম্বর আসামি। সে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শামীম ওসমানের দাবি, ওই দিনের বোমা হামলার ঘটনায় তিনিই ছিলেন মূল লক্ষ্যবস্তু। তাঁর ভাষায়, ‘আমার অপরাধ ছিল আমি গোলাম আযমকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আমার অপরাধ, আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি।’
ক্যাঙ্গারু পারভেজের নিখোঁজ হওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমি নোট নিলাম, এটা দেখব।’ আওয়ামী লীগ অফিসে বোমা হামলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’