ক্যাটওয়াক-নাচে অন্য রকম সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিস্টার অ্যান্ড মিস হ্যামার স্ট্র্যাংথ প্রতিযোগিতায় নারী প্রতিযো​গীদের ক্যাটওয়াক
মিস্টার অ্যান্ড মিস হ্যামার স্ট্র্যাংথ প্রতিযোগিতায় নারী প্রতিযো​গীদের ক্যাটওয়াক

আলো ঝলমলে মঞ্চ। কখনো ক্যাটওয়াক, কখনো নাচ কিংবা গান। ছিল কথামালাও। জমজমাট আয়োজনে শেষ হলো ‘মিস্টার অ্যান্ড মিস হ্যামার স্ট্র্যাংথ প্রতিযোগিতা-২০১৬’। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের রীমা কনভেনশন সেন্টারে বসে এ আয়োজন। এই প্রতিযোগিতার আয়োজন করে ফিটনেস ও ট্রেনিং সেন্টার হ্যামার স্ট্র্যাংথ।
সন্ধ্যা সাতটায় খালিদ হাসান ও তাঁর দলের ক্যাটওয়াকের মাধ্যমে শুরু হয় আয়োজন। এই পরিবেশনায় উঠে আসে হ্যামার স্ট্র্যাংথের স্বপ্নপূরণের গল্প। এরপর পাশ্চাত্য সংগীতের সুরের সঙ্গে র্যা ম্পে আসেন ১৫ পুরুষ প্রতিযোগী। এরপর উপস্থাপিকা আফরিন ডেকে নেন ১০ নারী প্রতিযোগীকে। তাঁরাও র্যা ম্প মাতিয়ে যান। ক্যাটওয়াক শেষে মঞ্চে আসে হিপহপ নাচের দল ‘ওটু’। কয়েকটি গানের সঙ্গে হিপহপ নাচ পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন তাঁরা।
এবার কথামালা। মঞ্চে আসেন হ্যামার স্ট্র্যাংথ ফিটনেস ও ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান রুম্মান আহমেদ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি শোনালেন হ্যামার স্ট্র্যাংথকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা। কথামালা শেষে প্রতিযোগীরা আবারও ফ্যাশন কিউ পরিবেশন করেন। দ্বিতীয়বারের মতো মঞ্চ মাতিয়ে যায় নাচের দল ‘ওটু’। নাচের পর গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ডদল ‘অটোফবক্স’। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘এত জ্ঞান বুদ্ধি লইয়া’ ও ‘মাওলা’ শিরোনামের তিনটি গান করেন তাঁরা। এরপর শুরু হয় প্রতিযোগিতার শেষ পর্ব। এতে বিচারকদের প্রশ্নের মুখোমুখি হন প্রতিযোগীরা। এ আয়োজনে বিচারক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, মডেল ও উপস্থাপিকা পারিহা লিমা এবং বডিবিল্ডার রফিকুল ইসলাম।
সবশেষে মঞ্চে আসেন বিচারকসহ অন্য অতিথিরা। ঘোষণা করেন প্রতিযোগিতার ফলাফল, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। ফলাফলে ‘মিস হ্যামার স্ট্র্যাংথ-২০১৬’ নির্বাচিত হন রামিশা। যৌথভাবে ‘মিস্টার হ্যামার স্ট্র্যাংথ’ বিজয়ী হন তাজ ও অভি। এ ছাড়া ‘বিগেস্ট ওয়েট লুজার’ ক্যাটাগরিতে বিজয়ী হন সুইটি দাশ ও ইশতিয়াক। ‘মিস ফটোজেনিক’ হন তিশা ও ‘বেস্ট স্মাইল’ নির্বাচিত হন আমরিন। ‘মিস্টার হ্যান্ডসাম’ নির্বাচিত হন সাইম।