ক্যাটালিস্টের তৃতীয় পর্যায়ের যাত্রা শুরু
বাংলাদেশে তৃতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করেছে ক্যাটালিস্ট। চলতি মার্চ মাস থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যাটালিস্টের মহাব্যবস্থাপক মার্কাস এহমান বলেন, আগামী তিন বছরে তাঁরা ১৪ লাখ ৩০ হাজার কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার কাছে পৌঁছাতে চান। এই জনগোষ্ঠীর উপার্জন ২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে উন্নীত করাই তাঁদের লক্ষ্য।
ক্যাটালিস্ট পরোক্ষভাবে গরিব জনগোষ্ঠীকে সহায়তা দিয়ে থাকে, যাতে তারা অন্যের ওপর নির্ভরশীল না হয়ে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সুইস কন্ট্যাক্টের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক মনীশ পান্ডে, সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের (এসডিসি) ফার্স্ট সেক্রেটারি/প্রকল্প পরিচালক সিরোকো মেসেরলি, ব্রিটিশ হাইকমিশনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা অনির্বাণ ভৌমিক, ড্যানিডার ঊর্ধ্বতন প্রোগ্রাম কর্মকর্তা আরিফুর রহমান সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি।