ক্যাডেট কলেজের ৯৫.৭৯ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন
এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলোর ৯৫ দশমিক ৭৯ শতাংশ পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছেন। দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এ বছর মোট ৫৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৫৪৬ জন। বাকি ২৪ জনও জিপিএ-৪-এর বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজগুলোর ফলাফলের এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পাবনা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। আর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন। ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছেন। কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৩ জন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। কলেজটি চট্টগ্রাম বোর্ডের সেরা ২০টি কলেজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে।ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। যশোর বোর্ডে সেরা ২০টি কলেজের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও মির্জাপুর ক্যাডেট কলেজ ঢাকা বোর্ডের সেরা ২০টি কলেজের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষা দিয়ে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪২ জন। সিলেট ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। এই ফলাফল করার মাধ্যমে কলেজটি সিলেট বোর্ডে শীর্ষস্থান দখল করেছে। রংপুর ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে ৫০ জনই জিপিএ-৫ পান। কলেজটি দিনাজপুর বোর্ডের সেরা ২০টি কলেজের তালিকায় শীর্ষে আছে। বরিশাল ক্যাডেট কলেজটিও বরিশাল বোর্ডে প্রথম হয়েছে। এই কলেজ থেকে ৪৯ জন পরীক্ষা দিয়ে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।