ক্যাডেট শার্মিলা হত্যা মামলায় পাঁচজনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শার্মিলা শাহরিন পিলন হত্যা মামলায় প্রায় ১১ বছর পর অভিযোগ গঠন করা হয়েছে। কলেজের সাবেক অ্যাডজুট্যান্টসহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার এই অভিযোগ গঠন করেন ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালত।
দ্বাদশ শ্রেণির ছাত্রী শার্মিলাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন কলেজের তৎকালীন অ্যাডজুট্যান্ট মেজর নাজমুল হক (বর্তমানে লে. কর্নেল, সেনাসদরে কর্মরত), তৎকালীন সহযোগী অধ্যাপক মো. আবুল হোসেন, তৎকালীন সার্জেন্ট মো. নওশের উজ জামান (বর্তমানে ওয়ারেন্ট অফিসার), তৎকালীন নিরাপত্তারক্ষী হেনা বেগম (বর্তমানে কলেজের ডরমিটরি বেয়ারা) এবং তৎকালীন ডেপুটি অ্যাডজুট্যান্ট জেনারেল মুনির আহমেদ চৌধুরী। এর মধ্যে মুনির আহমেদ ছাড়া বাকি চারজন আদালতে উপস্থিত ছিলেন। ২৪ মার্চ থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন জেলা ও দায়রা জজ আমির উদ্দিন।
কলেজ ক্যাম্পাসে শার্মিলার মৃত্যু হয় ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি। কলেজ কর্তৃপক্ষ তখন একে আত্মহত্যা বলে দাবি করে। দুই দফায় থানা-পুলিশ ও সিআইডির তদন্ত প্রতিবেদনেও এটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে ২০১৩ সালে বিচার বিভাগীয় তদন্তে বলা হয়, শার্মিলাকে হত্যা করা হয় এবং ঘটনাটি ধামাচাপা দিতে কলেজ কর্তৃপক্ষ ওই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে সাজায়।
অভিযোগ গঠনের আদেশে বলা হয়, ঘটনার দিন ছাত্রীনিবাস শান্তি হাউসে শার্মিলাকে খুন করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হেনা বেগম ছাড়া অন্য প্রহরীদের অফিস কক্ষে আটকে রাখা হয়। তাঁকে কলেজের ভেতর নির্যাতন করার পর লাঠিজাতীয় ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে নিস্তেজ করার পর শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলিয়ে রাখা হয়।