চট্টগ্রামের মেরিন একাডেমির ক্যাডেট এ এইচ এম মাসুদ কায়সারের মৃত্যুর ঘটনায় একাডেমি কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছে তদন্ত কমিটি। কমিটি গত রোববার সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।প্রায় সাড়ে তিন মাস আগে গত ২৭ এপ্রিল মেরিন একাডেমির প্রশিক্ষণের জন্য ব্যবহূত হ্রদে সাঁতার কাটার সময় মাসুদ কায়সার পানিতে ডুবে মারা যান বলে একাডেমির পক্ষ থেকে বলা হয়। তবে তদন্ত কমিটি এই মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে তুলে ধরেনি। বরং ক্যাডেটদের শৃঙ্খলা রক্ষায় একাডেমি কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য একাডেমির কমান্ড্যান্টকে পরোক্ষভাবে দায়ী করা হয়েছে।ক্যাডেট মৃত্যুর ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তর গত ২৯ এপ্রিল এই তদন্ত কমিটি গঠন করে। নৌবাণিজ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটির অপর দুই সদস্য হলেন নৌ মন্ত্রণালয়ের উপসচিব পঙ্কজ কুমার পাল ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সহকারী কেমিস্ট ফাওজিয়া রহমান।তদন্ত কমিটির প্রধান মো. শফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তাঁর মতামত জানা যায়নি। তবে তদন্ত কমিটির সদস্যসচিব সমুদ্র পরিবহন অধিদপ্তরের সহকারী কেমিস্ট ফাওজিয়া রহমান গতকাল প্রথম আলোকে প্রতিবেদন জমা দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, একাডেমির শৃঙ্খলার অবনতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।