ক্যাথলিক ধর্মপ্রদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশের পাঁচটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আলোকিত মুখগুলো আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।
নগরের সেন্ট প্লাসিডস স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ক্যাথলিক ডায়োসিসের বিশপ মজেস কস্তা। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি আলী আশরাফ এবং চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের চেয়ারপারসন ব্রাদার সিলভেস্টার মৃধা।
পাঁচটি স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এগুলো হচ্ছে নগরের পাথরঘাটার সেন্ট প্লাসিডস হাইস্কুল, সেন্ট স্কলাসটিকাস হাইস্কুল, দিয়াঙের মরিয়ম আশ্রম হাইস্কুল, নোয়াখালীর ব্রাদার আন্দ্রে হাইস্কুল ও বান্দরবানের ডন বস্কো হাইস্কুল।