মাসিক ১০ হাজার টাকা চাঁদা না দিলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নজরুল ইসলাম হলের ক্যানটিন বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ছাত্রলীগ বুয়েট শাখার সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী। ওই হল ক্যানটিনের তত্ত্বাবধানকারী মাকসুদুর রহমান এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ করেছেন।গত মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, বুয়েটের ভারপ্রাপ্ত সভাপতি, বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ বরাবর দেওয়া পৃথক চারটি চিঠিতে এসব অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, গত ১৭ জানুয়ারি অমিত কুমার চক্রবর্তী (বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক) ও ড. এম এ রশিদ হলের প্রাক্তন ছাত্র মতিউর রহমান শামীম নজরুল ইসলাম হলের ক্যানটিন খোলা ও নিরাপত্তার বিপরীতে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে তা ১০ হাজার টাকায় রফা হয়। সে অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি প্রথম দফার টাকা শহীদ স্মৃতি হলের ২৩০৯ নম্বর কক্ষে গিয়ে অমিত চক্রবর্তীর হাতে দিয়ে আসেন মাকসুদের ছোট ভাই মোহাম্মদ সাঈদ।মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম মাসের চাঁদার টাকা ধার করে দিয়েছি। কিন্তু এভাবে ক্যানটিন চালানো আমার দ্বারা সম্ভব নয় বলে জীবনের ঝুঁকি নিয়ে অভিযোগ করেছি।’ কিন্তু এরপর বুধবার সকালে অমিত তাঁর কাছ থেকে জোরপূর্বক ‘চাঁদা নেওয়া হয়নি’ মর্মে একটি লিখিত বক্তব্য নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে অমিত চক্রবর্তী বলেন, ওই ক্যানটিনের তত্ত্বাবধায়ক হলের এক ছেলেকে মারধর করেন। এ ঘটনার কিছুদিন পর তাঁর চলে যাওয়ার কথা। এ ছাড়া তাঁর মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে এমনিতেই তাঁকে চলে যেতে হতো। আর তিনি লিখিতভাবে বলেছেন, তাঁর কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয়নি। নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ নিখিল রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। আর তিনি কোনো অভিযোগও পাননি। বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু রায়হান বলেন, ‘সোমবার রাতে অভিযোগপত্র পেয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির কাছেও অভিযোগ গেছে। কাজেই যা করার তাঁরাই করবেন।’ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘অমিতের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এখন সেটির তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’