ক্যানভাসে শান্তির সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি, স্বভূমি, মানুষ, তাদের জীবনযাপনের নানা অনুষঙ্গ ও অনুভূতি মিষ্টি রঙে তুলি ডুবিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী কাজী গিয়াসউদ্দীন। জাপান-প্রবাসী এই আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পীর প্রদর্শনী শুরু হলো ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া প্রধান অতিথি হিসেবে ‘শান্তির সন্ধানে’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করে বলেছেন, ‘তাঁর ছবির একটি নীরব শক্তি আছে। সেই শক্তি প্রেরণা জোগায়। গভীর যত্নে তিনি ক্যানভাসে স্বচ্ছ রঙের পরতের পর পরত নির্মাণ করেন। এতে তাঁর ছবি গভীর ব্যঞ্জনাময় হয়ে ওঠে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারুমিত্সু হিদা ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। একজন দর্শক হিসেবে কাজী গিয়াসউদ্দীনের ছবি কেন ভালো লাগে—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথম আলো সম্পাদক প্রকৃতির প্রতি শিল্পী গিয়াসের পক্ষপাতের কথা উল্লেখ করে বলেন, তাঁর ছবি নিচু স্বরে কথা বলে; ছবিতে থাকে জলের শব্দ, বাতাসের গন্ধ, শিল্পকলার নানা অনুষঙ্গ। ছবিতে রঙের স্নিগ্ধ ব্যবহার এবং প্রদর্শনীতে ছবি সাজানোর ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য আছে। কাজী গিয়াসউদ্দীন সংক্ষিপ্ত বক্তব্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কথা বলায় নিজের অপারঙ্গমতা স্বীকার করে নিয়ে বলেন, যা কিছু বলার তা ছবিতেই বলার চেষ্টা করা হয়েছে। তিনি অসুস্থতা সত্ত্বেও প্রদর্শনী উদ্বোধন করতে আসায় তাঁর শিক্ষক মোহাম্মদ কিবরিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪৭টি। ছবিতে পুলকিত দৃষ্টিতে এক মোহনীয় জগত্ দেখেছেন শিল্পী। হালকা রেখায় জ্যামিতিক আকার গড়েছেন। বাস্তবের টুকরো টুকরো অনুভব, রেখার স্বাচ্ছন্দ্যে এক বুনট তৈরি করেছেন তিনি। স্নিগ্ধতা গিয়াসের বিষয়। স্নিগ্ধতার জন্য তিনি গোধূলি, রাত, সকালের আবহ ফুটিয়ে তুলেছেন। হালকা বর্ণপ্রলেপ ও কাগজের সাদা—এ দুই মিলিয়ে তিনি শুভ্রতার সঙ্গে শুভ্রতার বুনন তুলেছেন। প্রচুর বুনেছেন, গেঁথেছেন, চিত্রিত করেছেন। এভাবেই ক্যানভাসে তিনি শান্তির সন্ধান করেছেন। প্রকৃতি, সূর্য ডোবার পরে, রাত্রির গান, প্রথম সকাল, বৃষ্টির গান, সানাই, পাখির গান প্রভৃতি শিরোনামে বিচিত্র রঙে নিসর্গের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন তাঁর কাজে। প্রদর্শনী চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।শেষ হলো শিশুদের চলচ্চিত্র উত্সবছোট্ট শিশু টুকটুকি। একদিন একজনের চোখে চশমা দেখে তারও খুব শখ হলো চশমা পরার। বাসায় বেশ হইচই আর কান্না জুড়ে দিল চশমার জন্য। টুকটুকির চশমা চাই-ই চাই। অবশেষে মা-বাবা চশমা কিনে দিলেন টুকটুকিকে। তবে সে চশমায় পাওয়ার নেই। এবার টুকটুকির বায়না, তার পাওয়ারওয়ালা চশমা চাই। কিন্তু কেউ কিনে না দেওয়ায় একদিন নিজের চোখেই নিজে মাখল চুন। তারপর! টুকটুকি আর চোখে দেখে না। এই গল্প নিয়ে একটি চলচ্চিত্র, নাম টুকটুকির চশমা। নির্মাণ করেছে দুই শিশু নির্মাতা ফারিহা জাহান ও শাহানা ইসলাম। তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে এ ছবিটি পেল শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার, আর চলচ্চিত্রকারেরা সেরা পরিচালকের সম্মাননা। গত ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শিশু চলচ্চিত্র উত্সবের গতকাল শুক্রবার ছিল সমাপনী দিন। সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে পুরস্কার দেওয়া হলো বিজয়ীদের। এতে মোট আটজন শিশুকে পুরস্কৃত করা হয়। ‘আমার প্রিয় মানুষ কেন আমার প্রিয়’ বিষয়ে রচনা লিখে ‘ক’ বিভাগ বিজয়ী হয়েছে জয়পুরহাটের আনিকা নাওয়ার ও ‘খ’ বিভাগে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী ক্যাডেট তাজকিয়া। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিভাগে তো টুকটুকির চশমা, দ্বিতীয় স্থান সাদিয়া তাবাসসুম পরিচালিত মিস ইউ এবং তৃতীয় হয় আবু সাঈদ পরিচালিত দ্য মাদার। এ ছাড়া ইয়াসিন আহমেদ পরিচালিত বোধ ও মনিরুজ্জামান পরিচালিত দ্য টেনিস বল বিশেষ পুরস্কার পায়। এই প্রতিযোগিতা পর্বে মোট ৩৪টি শিশু চলচ্চিত্র অংশ নেয়। আর এর বিচারকেরাও ছিলেন শিশু। চলচ্চিত্র নির্মাণে যারা বিজয়ী হয়েছে তারা পরবর্তী চলচ্চিত্র নির্মাণের জন্য প্রত্যেকে পাবে ২৫ হাজার টাকা করে।উত্সবে মোট ৫০টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে থেকে শিশু দর্শকদের ভালো লাগার ওপর ভিত্তি করে দেওয়া হয় ‘অডিয়েন্স অ্যাওয়ার্ড’। তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এবার এ পুরস্কার পায় থাইল্যান্ডের চলচ্চিত্র দ্য ড্রিম থিম। সমাপনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন চিলড্রেন ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ইউনিসেফের কমিউনিকেশন অফিসার ক্রিস্টিনা জুলমেস, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর প্রমুখ। পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন উত্সব-পরিচালক মোরশেদুল ইসলাম।কেরানীগঞ্জে ওয়াহিদুল হকের স্মরণ অনুষ্ঠানকেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় চত্বরে সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর স্মরণে প্রতিষ্ঠিত কল্যাণ পরম্পরা ও সরোজ সংস্কৃতিবৃত্ত এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, গান, আবৃত্তি, ব্রতচারী নৃত্যগীত ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা । এতে সরোজ সংস্কৃতিবৃত্ত, কণ্ঠশীলন, ও ব্রতচারী নৃত্যগীতের শিল্পীরা অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শতাধিক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।বিকেল চারটায় ছিল আলোচনা সভা। হাসান আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হায়াত্ মামুদ, শহীদুল ইসলাম, করুণাময় গোস্বামী ও নাসির উদ্দীন ইউসুফ অংশ নেন।