ক্যানসার ইনস্টিটিউটের পরিচালকের পদে প্যাথলজির অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক ক্যানসার বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসক থাকার পরও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক করা হয়েছে প্যাথলজির একজন অধ্যাপককে। তিনি সরকারি দলের সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সক্রিয় সদস্য।
চক্ষু, পঙ্গু, হৃদ্রোগ, স্নায়ুরোগ, বক্ষব্যাধি, কিনডি, মানসিক রোগ—এসব বিশেষায়িত হাসপাতালের পরিচালকের পদে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই আছেন। ক্যানসার ইনস্টিটিউটের মতো বিশেষায়িত সেবাপ্রতিষ্ঠানের পরিচালকের পদে প্যাথলজির চিকিৎসককে নিয়োগ দেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ইনস্টিটিউটের চিকিৎসকেরাও অসন্তোষ ও হতাশা জানিয়েছেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক রশীদ-ই-মাহবুব প্রথম আলোকে বলেন, পরিচালকের পদে দক্ষ ক্যানসার বিশেষজ্ঞ দেওয়াই উচিত।
ক্যানসার ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ঈদের ছুটির আগে আগে প্রতিষ্ঠানের পরিচালক ও রেডিয়েশন অনকোলজির অধ্যাপক শেখ গোলাম মোস্তফাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। তাঁর স্থলে বক্ষব্যাধি হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক সফিউল ইসলাম সাদীকে নিয়োগ দেওয়া হয়। সাদী ছাত্রজীবনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে স্বাচিপের সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্যানসার ইনস্টিটিউটে ১০ জন অধ্যাপক আছেন। নাম প্রকাশ না করার শর্তে দুজন অধ্যাপক বলেন, এই ১০ জনের মধ্য থেকে পরিচালক করা উচিত ছিল। মন্ত্রণালয়ের পদক্ষেপে তাঁরা হতাশ। শেখ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।
গতকাল শনিবার সফিউল ইসলাম সাদী ইনস্টিটিউটে কাজে যোগ দিতে গিয়েছিলেন, কিন্তু দাপ্তরিক জটিলতার কারণে যোগ দিতে পারেননি। তিনি প্রথম আলোকে বলেন, আজ রোববার তিনি দায়িত্ব বুঝে নেবেন।