বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব অধ্যাপক শেখ গোলাম মোস্তফা বলেছেন, দেশে ক্যানসার চিকিৎসার নামে ব্যবসা চলছে। বাংলাদেশের ব্যবসায়ীরা তাড়াতাড়ি বড়লোক হতে চান। বেসরকারি হাসপাতালের মালিকেরা ক্যানসার রোগীদের সেবা দেওয়ার চেয়ে দ্রুত বড়লোক হওয়াকে বেশি গুরুত্ব দেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার ক্যানসারবিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘ক্যানসার নির্ণয় ও চিকিৎসা: সুযোগ ও ব্যয়’ শীর্ষক এই আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ ও ইএইচআরডি ক্যানসার সাপোর্ট নামের তিনটি সংগঠন।
মূল উপস্থাপনায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, কয়েক বছর আগেও দরিদ্র রোগীরা স্তন ক্যানসারসহ বড় ধরনের শল্যচিকিৎসা ১৫ থেকে ২৫ হাজার টাকায় করাতে পারতেন। একই চিকিৎসার খরচ বেড়ে প্রায় ১ লাখ টাকায় দাঁড়িয়েছে। সভা শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাসেবার বাণিজ্যিকীকরণ, দেশের স্বল্পসংখ্যক ক্যানসার চিকিৎসকের যথেচ্ছ পারিশ্রমিক এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি এমন হয়েছে।’
আয়োজকদের পক্ষ থেকে দেশে স্তন, জরায়ু মুখ ও মুখের ক্যানসার নির্ণয়ের জন্য জনগোষ্ঠীভিত্তিক যাচাই কর্মসূচি বাস্তবায়ন, সরকারি প্রতিষ্ঠানের ৮০ শতাংশ শয্যা বিনা মূল্যে দরিদ্র রোগীদের জন্য নির্দিষ্ট রাখা, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ তে উন্নীত করার দাবি জানানো হয়। একাধিক আলোচক বলেন, বিভাগীয় শহরগুলোতে ক্যানসার চিকিৎসা কেন্দ্র স্থাপিত হলে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা সেবার আওতায় আসবে। তাঁরা সরকারি খাতে ক্যানসার চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেন।
পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোজাহেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফুন্নেছা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ফাতেমা আশরাফ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক রেহানা পারভীন ও সার্জিক্যাল অনকোলজিস্ট মো. হাসানুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।