ক্যানসার চিকিৎসার পর নিয়ম মানলে সুস্থ থাকা সম্ভব
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘ক্যানসার প্রাথমিক পর্যায়ে নির্ণীত হলে নিরাময় সম্ভব। আমি নিজে একজন ক্যানসার রোগী। প্রায় ছয় বছর ধরে লড়াই করে টিকে আছি। ক্যানসারের চিকিৎসা গ্রহণের পর খাদ্যাভাস পরিবর্তন, কায়িক পরিশ্রম ও নিয়ন্ত্রিত জীবনযাপন করে সুস্থভাবে বাঁচা সম্ভব।’
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে গতকাল শুক্রবার ক্যানসার: আপনার যা জানা দরকার বইয়ের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। বইটি লিখেছেন অধ্যাপক আবু উবাইদ মুহম্মদ মুহসিন। তিনি বলেন, বইটিতে ক্যানসার থেকে বাঁচার জন্য একজন ব্যক্তির কী কী করা দরকার, ক্যানসারের প্রাথমিক প্রতিরোধ, ক্যানসারের উপসর্গ, ক্যানসারের কারণ বর্ণনা করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. এম এ হাই বলেন, ‘বর্তমানে দেশে ১৬০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার, আছে মাত্র ১৩টি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইমদাদুল হক ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ আবদুল হামিদ।