ক্যানসার চিকিৎসার যন্ত্র নষ্ট এক বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার চিকিৎসার একমাত্র যন্ত্রটি এক বছরের বেশি সময় ধরে অচল। ফলে বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের কোবাল্ট-৬০ টেলিথেরাপি যন্ত্রটি ২০১৫ সালের নভেম্বর মাস থেকে নষ্ট হয়ে আছে। রেডিওথেরাপির মাধ্যমে ক্যানসার সেল (কোষ) ধ্বংস করার জন্য এ যন্ত্র ব্যবহার করা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের চিকিৎসকেরা বলেন, পদ্মার এপারে আর কোনো হাসপাতালে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের রেডিওথেরাপি দেওয়ার ব্যবস্থা নেই। এই হাসপাতালের যন্ত্রটি অচল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের মানুষ।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী হেলাল উদ্দিন বলেন, হাসপাতালের রেডিওথেরাপি মেশিন নষ্ট। চিকিৎসকেরা তাঁকে ঢাকায় যেতে পরামর্শ দিয়েছেন। আর ঢাকার হাসপাতাল থেকে তাঁকে আগামী জুলাই মাসে যাওয়ার জন্য বলা হয়েছে।

ক্যানসারে আক্রান্ত অপর এক রোগীর স্বজন জুয়েল মাহমুদ বলেন, হাসপাতালের যন্ত্র নষ্ট হওয়ায় তাঁদের রোগীকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে যাওয়ার কথা বলা হয়। সেখান থেকে জুলাই মাসের ২২ তারিখ রেডিওথেরাপি দেওয়ার জন্য নির্ধারণ করে দেয়। বরিশালের যন্ত্রটি চালু থাকলে এ অঞ্চলের মানুষের এত দুর্ভোগ হতো না।

হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান তরিৎ কুমার সমদ্দার বলেন, এ হাসপাতালে প্রতিদিন ৬০-৭০ জন ক্যানসারে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে বেশির ভাগ রোগীকে রেডিওথেরাপি দিতে হয়। কিন্তু হাসপাতালের যন্ত্র নষ্ট হওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকায় যাঁদের রেডিওথেরাপি নেওয়ার জন্য পাঠানো হচ্ছে, তাঁদের ছয় মাস অপেক্ষায় রাখা হচ্ছে। দ্রুত হাসপাতালের যন্ত্রটি মেরামত কিংবা নতুন যন্ত্র সরবরাহ করা দরকার। চিকিৎসকেরা বলেন, সরকারি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত রোগীকে একবার রেডিওথেরাপি দিতে খরচ হয় ১৬ হাজার টাকা। বেসরকারি হাসপাতালে এর ব্যয় ৯০ হাজার টাকা। অনেক রোগীর পক্ষে অত টাকা ব্যয় করে রেডিওথেরাপি নেওয়া সম্ভব হয় না। তাই অনেকে বিনা চিকিৎসায় মারা যান।

হাসপাতালের পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ক্যানসারের জীবাণু ধ্বংস করার যন্ত্রটি নষ্ট হওয়ায় রোগীরা দুর্ভোগে পড়েছেন। যন্ত্রটি পুরোনো হওয়ায় মেরামতে অনেক টাকার দরকার। তাঁরা পুরোনো যন্ত্র মেরামত কিংবা নতুন যন্ত্র স্থাপনের জন্য অনুরোধ জানিয়েছেন। প্রতি মাসেই চিঠি দেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।