ক্যানসার দিবসে সচেতন হওয়ার আহ্বান
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিশ্ব ক্যানসার দিবস পালন করেছে বেশ কয়েকটি সংগঠন। এসব কর্মসূচিতে ক্যানসার পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করার কথা বলা হয়। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যানসার সোসাইটি ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, মানুষ সচেতন হলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডব্লিউবিবি ট্রাস্ট। ইউনাইটেড হাসপাতাল গতকাল ক্যানসার কেয়ার সেন্টার চালু করেছে। কেন্দ্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। গতকাল ক্যানসার কেয়ার সেন্টার দিনব্যাপী বিনা মূল্যে সেবা দেয়। ক্যানসার দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যানসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যানসার নিরাময়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।