ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কথা না ভেবে নারীরা কেবল পরিবার নিয়ে ভাবেন। তাঁরা ত্যাগের ব্রত নিয়েই জন্মান। বেশির ভাগ ক্ষেত্রে নিজেদের রোগ নিয়ে সচেতন থাকেন না। এ কারণে রোগ সম্পর্কে তাঁদের সচেতন করা জরুরি। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘মহিলা ক্যানসার সচেতনতা সোসাইটি’র সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিহা মুছা। তিনি এই সোসাইটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক চিকিৎসক নাহিদা খানম। এ সময় যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা, আহমেদ সাঈদ, জিন্নাহ চৌধুরী, কামাল উদ্দিন, সালেহ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সময়ে স্তন ক্যানসার, ফুসফুস ক্যানসার, বৃহদন্ত্রের ক্যানসার ও জরায়ু ক্যানসারের প্রকোপ বেড়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করা গেলে ক্যানসার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু নারীরা লজ্জায় নিজেদের অসুখের কথা লুকিয়ে রাখেন। তাঁদের সচেতন করতে এ সোসাইটি গঠন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বে নারীদের এক নম্বর প্রাণঘাতী রোগ হচ্ছে স্তন ক্যানসার। সংকোচ, লজ্জা, কুসংস্কার আর অবহেলার কারণে বাংলাদেশের নারীরা চিকিৎসকের কাছে যেতে চান না। যখন তাঁরা চিকিৎসকের কাছে যান, তখন অনেক দেরি হয়ে যায়। 

চিকিৎসক নাহিদা খানম বলেন, অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পরিচিত। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সোসাইটির উদ্যোগে ২১ অক্টোবর বিকেলে নগরের খুলশী এলাকায় মানববন্ধন করা হবে।

চট্টগ্রামে বিশ্ব​ সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

সহযোগিতা আত্মনির্ভরশীল করে তুলবে দৃষ্টিপ্রতিবন্ধীদের

চট্টগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার পথে প্রধান বাধা সমাজব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, যানবাহনসহ সব ক্ষেত্রে সমান সুযোগ পাওয়া তাঁদের জন্মগত অধিকার। প্রতিবন্ধীবান্ধব সমাজব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব প্রতিটি পরিবার, সমাজ, সরকার ও রাষ্ট্রের। সবার সামান্য সহযোগিতাই প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে তুলবে।

গতকাল শনিবার সকালে নগরের পাঁচলাইশে শিশু একাডেমি চট্টগ্রামের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি, প্রতিবন্ধী ভাতা ও বই বিতরণ করা হয়। ছিল সাংস্কৃতিক আয়োজনও। এ বছর সাদাছড়ি দিবসের প্রতিপাদ্য ‘সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদুল আলম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য এস এম মোরশেদ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক বন্দনা দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক।

ওয়াসিকা আয়েশা খান বলেন, সরকার প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছে। তাদের শিক্ষার বিষয়েও গুরুত্ব দিচ্ছে। প্রতিবন্ধীদের কল্যাণে সারা দেশে ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিরা বিনা মূল্যে চিকিৎসা ও সেবা গ্রহণ করতে পারছেন। তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে এখন সমাজব্যবস্থা বাধা হয়ে আছে। এসব সামাজিক প্রতিবন্ধিতা দূর করতে হবে। প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা আত্মনির্ভরশীল, কিন্তু সুবিধাবঞ্চিত। মানবাধিকারের সর্বজনীন ঘোষণা অনুযায়ী, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে পৃথিবীর সব মানুষ সমান অধিকার ভোগ করবে। কিন্তু অনেক ক্ষেত্রেই যোগ্যতা থাকা সত্ত্বেও সমাজের নেতিবাচক ধারণার কারণে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র সোলায়মান বাদশা, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আল আমিন ও মুরাদপুর দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র সুরুত আলম শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁরা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য যানবাহনে আসনের ব্যবস্থা করা, পরীক্ষার সময় বাড়ানো, পরীক্ষার সময় শ্রুতিলেখকের ব্যবস্থা রাখা এবং চাকরিতে কোটা সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্পর্কে নেতিবাচক ধারণা পাল্টানোর কথা বলেন তাঁরা।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরের প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি গোলপাহাড় চত্বর ঘুরে আবার শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন চালু

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে চারতলা এই ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। এই অফিস থেকে নগরের চান্দগাঁও, কর্ণফুলী, কোতোয়ালি, চকবাজার, পাঁচলাইশ ও বাকলিয়া থানা এবং দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বাসিন্দারা সেবা নিতে পারবেন।

নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেন, পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার চিন্তাভাবনা চলছে। পাসপোর্ট প্রদানে নতুন নীতিমালা প্রণয়নের বিষয়টিও ভাবা হচ্ছে। পাসপোর্ট অফিসে সেবার মান উন্নীত করতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেন, ২০০৯ সালে দেশে ১৭টি পাসপোর্ট অফিস ছিল। বর্তমান সরকার প্রতি জেলায় পাসপোর্ট অফিস নির্মাণের উদ্যোগ নিয়েছে। দেশের ৬৪ জেলায় ৬৭ পাসপোর্ট অফিস নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারা দেশে এ পর্যন্ত ৩৪টি অফিসের নির্মাণকাজ শেষ হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ১ কোটি ৫২ লাখ নাগরিককে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশের ১ কোটি নাগরিককেও এমআরপি দেওয়া হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে পাসপোর্টের তথ্য পাঠানোর পর সেখানে পাসপোর্ট পৌঁছাতে দুই মাস সময় লেগে যায়। দ্রুততম সময়ের মধ্যে কীভাবে বিদেশে পাসপোর্ট পৌঁছানো যায় তা নিয়ে কাজ চলছে। ডিএইচএলসহ কয়েকটি কুরিয়ার সার্ভিসের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কুরিয়ারে পাঠানো গেলে মাত্র তিন দিনে যেকোনো দেশে পাসপোর্ট পৌঁছানো সম্ভব হবে।

চট্টগ্রামে জাসদের মানববন্ধন

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের দাবি

জেলা পরিষদ নির্বাচনের আগে পরিষদের ক্ষমতা ও করণীয় নির্ধারণ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা জেএসডির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেএসডি চট্টগ্রাম নগর শাখার সভাপতি গোলাম জিলানী চৌধুরী। বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জবিউল হোসেন, সদস্য সৈয়দ মোহাম্মদ আলী, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম প্রমুখ।

সমাবেশে জবিউল হোসেন বলেন, জেলা পরিষদের ক্ষমতা ও করণীয় কী, তা এখনই নির্ধারণ করে নির্বাচনের তফসিল দিতে হবে। তা না হলে বিতর্ক সৃষ্টি হবে।

সৈয়দ মোহাম্মদ আলী বলেন,  দেশে বিদ্যুতের প্রয়োজন আছে। কিন্তু রামপালের পরিবর্তে অন্য কোথাও  বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হোক।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এই মুহূর্তে দেশের অন্যতম সমস্যা। এ সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্য গঠন করা হলে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা আরও সহজ হবে।

ক্যানসার নিয়ে সচেতনতাবাড়াতে চট্টগ্রামে নতুনসংগঠনের আত্মপ্রকাশ