ক্যানসার বিশেষজ্ঞ হতে চান সাঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু সাঈদ
ছবি: সংগৃহীত

সেই ছেলেবেলা থেকেই পড়াশোনার প্রতি ভীষণ ঝোঁক আবু সাঈদের। কিন্তু ছেলের পড়ার খরচ জোগাতে হিমশিম খেতেন বর্গাচাষি বাবা। এলাকার ধনাঢ্য একটি পরিবার এত দিন সাঈদকে আর্থিকভাবে সহায়তা দিয়ে এসেছে। সাঈদ এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেধাতালিকায় তাঁর অবস্থান ছিল ১ হাজার ৩২৩।

সাঈদ নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের মধুপুর গ্রামের আবদুস সামাদ ও শিউলী আকতার দম্পতির বড় ছেলে। মা গৃহস্থালির কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে শুরু করে এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সাঈদ। আবু সাঈদ বলেন, ‘এমবিবিএস পাস করে ক্যানসার বিশেষজ্ঞ হতে চাই। আমার বড় আব্বা (বড় চাচা) খাইরুল ইসলাম ক্যানসারের রোগী। কিন্তু দরিদ্রতার কারণে তিনি সঠিক চিকিৎসা নিতে পারছেন না।’

আরও পড়ুন

ধামইরহাট উপজেলার স্থানীয় সরকার উন্নয়ন বিভাগের (এলজিইডি) প্রকৌশলী আলী হোসেন ও তাঁর প্রবাসী বোন এত দিন সাঈদের পড়াশোনায় আর্থিক সহায়তা দিয়ে এসেছেন। কিন্তু এখন কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন সাঈদ।ৎ

আরও পড়ুন

সাঈদের বাবা আবদুস সামাদ বললেন, ‘বসতবাড়ি ছাড়া সব মিলিয়ে আমার নিজস্ব ৩৩ শতাংশ জমি আছে, যা দিয়ে চার সদস্যের সংসার চালানোই অসম্ভব। অন্যের জমি বর্গা নিয়ে সেখানে ধান–সবজি চাষ করে কোনোরকমে সংসার চালাই। দুবেলা ভালো খাবার ও পরার জন্য ভালো জামাকাপড় না পেয়েও আমার ছেলেটা একের পর এক পরীক্ষায় ভালো ফল করে গেছে। ছোটবেলা থেকেই দেখে আসছি, পড়াশোনাই তার ধ্যানজ্ঞান।’