আমাদের পরিবারের ৩৩ জন চলে গেছেন ক্যানসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবানা শারমীন
রুবানা শারমীন

নব্বইয়ের মাঝামাঝি। আমরা তখন গেন্ডারিয়ায় থাকি। তিন ছেলে–মেয়ে আর স্বামী, এই নিয়ে আমার মায়ের সংসার। কিন্ডারগার্টেনে পড়ার সময় আমি প্রায়ই দেখতাম বাবা–মা নিজেদের মধ্যে কথা বলছেন দুই ফুফুর বাড়ির স্বজনদের অসুখ–বিসুখ নিয়ে। আমার এই ফুফাতো-নানুদের বাড়ি তেজকুনিপাড়ায়। কী অসুখ! হয় আলসার, না হলে ক্যানসার! অদ্ভুত লাগত মেজ ফুফু, ছোট ফুফু, দুই বাড়িতেই এক রোগ! কেন!

এরপর কোনো এক রাতে, আমাদেরকে পড়ানোর ফাঁকে আব্বুর কাছ থেকে আম্মুকে জেনে নিতেন দেখেছি হলি ফ্যামিলি অথবা ইবনে সিনা হাসপাতালে কীভাবে যাবেন তার হদিস। সেই আমার প্রথম হাসপাতালের নাম জানা। আরও দুইটা নাম জানতাম। একটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা-আরিচা রোডে অনেক অ্যাক্সিডেন্ট হতো তখন, আহতদের এই হাসপাতালে নিয়ে আসা হতো। আরেকটা ছিল পিজি হাসপাতাল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়), তেজকুনিপাড়ার নানুর বাড়ি যাওয়ার পথে এটা দেখতাম।

যাক, পরদিন সকালে আম্মু তিন ছেলে–মেয়েকে ডেকে বলতেন, ‘আজ দুপুরের খাবারের পর আমি হাসপাতালে যাব! তোমরা একা থাকতে পারবে তো! আমি তাড়াতাড়িই চলে আসব।’ বড় বোনের বয়স তখন কম হলেও বেশ দায়িত্ব নিয়ে বলল, ‘পারব আম্মু, তুমি যাও!’ আমরাই কেউ হয়তো জানতে চাইতাম, হাসপাতালে কে আছেন! কেন যাবে! কোনো হাসপাতালে! ওই দুই বাড়িরই কেউ একজন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন, হলি ফ্যামিলি অথবা ইবনে সিনা হাসপাতালে। এ ছাড়া শুনতাম ইন্ডিয়ার কথা! ওখানে ফুফু–নানুদের বাড়ি ছিল, এই পরিবারের যাঁরাই যেতেন, সেই বাড়িতে উঠতেন। তবে সেটা ইন্ডিয়ার কোন শহর ছিল, মনে নেই।

আম্মু গল্প করতেন, ক্যানসার প্রথম এই পরিবারে দেখা দিয়েছিল ১৯৭১ সালে। তখন মুক্তিযুদ্ধ, এরই মধ্যে আম্মুর ছোট দাদার শুরু হলো প্রচণ্ড পেট ব্যথা। আম্মুর দাদারা ছিলেন চার ভাই। অসুস্থ হয়ে পড়া দাদা ছিলেন সবার ছোট। আমার নানার বন্ধু ধীরেন কবিরাজ রোগের উপসর্গ ও গতিবিধি দেখে জানালেন, ‘পেটে ঘা হয়েছে। ঢাকা মেডিকেলে নিয়ে যাও।’ কিন্তু ছোট দাদা কোথাও যাবেন না। চিকিৎসা বা মৃত্যু যা হওয়ার নিজের বাড়িতে থেকেই হবে। একে তো দেশে যুদ্ধ চলছে, তার ওপর সেবারের বর্ষার জলে টাপটুপ ছিল চারপাশ। তাই অসুস্থজনকে মানিকগঞ্জের গ্রাম থেকে রাজধানীতে নিয়ে আসা সহজসাধ্য ছিল না মোটেও। চার রোজায় চলে গেলেন ছোট দাদা। কফিনে করে কোনোরকমে ভরা বর্ষার পানির মধ্যেই তার কবর হয়। আম্মু বলতেন, ছোট দাদারও নিশ্চয়ই ক্যানসার হয়েছিল।

এরপর এই বিশাল পরিবার থেকে একে একে চলে গেছেন আম্মুর ছোট ফুফু ব্রেস্ট ক্যানসারে, মেজ ফুফা পাকস্থলীর ক্যানসারে, ফুফাতো বোনের বর গলার ক্যানসারে, এক চাচাতো ভাই ব্রেইন ক্যানসারে, এক খালাতো বোন ব্রেস্ট ক্যানসারে। আরও তিন চাচার যেন কী ক্যানসার হয়েছিল, এখন ঠিক মনে আসছে না। মোটমাট প্রায় ৩৩ জন চলে গেছেন এই রোগে।

একটা পরিবারের ওপর দিয়ে একটা রোগের এত প্রকোপ দেখে স্কুলে পড়া আমি সংবাদপত্রের স্বাস্থ্য পাতায় খোঁজ রাখতাম ক্যানসার সম্পর্কে। বড় বড় চিকিৎসক সেখানে ক্যানসার হওয়ার নানা কারণ নিয়ে লিখতেন, বিজ্ঞানীরা জানাতেন রোগটি জিনগত কি না, তা এখনো প্রমাণিত হয়নি। কিন্তু আমার কেন যেন মতো হতো, এটা অবশ্যই জিনগত! না হলে এই পরিবারে এমন হওয়ার কারণ কী! আমার আম্মু ছিলেন কিডনি রোগী, কিন্তু শেষ সময়ে তারও জরায়ু ক্যানসার ধরা পড়ল! এ হলো ১৯৭১ থেকে ২০১২ সালের কথা!

এরপর বেশ চুপচাপ চারপাশ। মানে আমাদের পরিবারটা। কিন্তু হঠাৎ কী হলো, আশপাশের মধ্যে প্রথমে দূরবর্তী, প্রতিবেশীর আত্মীয়, ভাইবোনের সহকর্মীর কেউ, এলাকার কোনো আঙ্কেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা শুনতে থাকি! ২০১৪ থেকে মুখবইয়ে নিয়মিত হওয়ার পর খবর পাচ্ছিলাম এই সামাজিক মাধ্যমের বন্ধুদের পরিচিতদের ক্যানসার হবার কথা! কিন্তু এখন! মাত্র চার বছরের মধ্যে যেন রোগটি আমার চারপাশকে ‍প্রায় ছেয়ে ফেলেছে! কলিগ, প্রতিবেশী, শিক্ষক বন্ধুদের ছাত্রছাত্রী থেকে শুরু করে নেটওয়ার্ক সমাজের বন্ধুদের নানা বয়সীদের মধ্যে মহামারির মতো ছড়িয়ে পড়েছে ক্যানসার! এই রোজাতেই খবর পেয়েছি বান্ধবীর ভাবির ছোট বোন ব্লাড ক্যানসারে এবং বড় ভাইয়ের বউ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন! মাত্র এক মাসের মধ্যে একটা মধ্যবিত্ত পরিবার কী বিপর্যয়ের সম্মুখীনই না হয়েছে!

ক্যানসার! একি এখন শুধুই মানবদেহের ব্যাধি! নাকি সমাজ ও দেশের ব্যাধি! আজ থেকে ২০ বছর আগে, যক্ষ্মার পর যে রোগটি ছিল রাজরোগ, তা যেন এখন প্রায় জ্বরজারির রূপ ধারণ করেছে! শুধু কেমোথেরাপি আর টেস্ট করাতে গিয়েই এক একটা সাধারণ পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। তবে শুধু ক্যানসারের কথাই বলি কেন, বিগত এক দশকে বাংলাদেশে কিডনি, স্ট্রোক, হৃদ্‌রোগ, অ্যাজমা, ইনফার্টিলিটির প্রকোপও অন্য যেকোনো সময়ের তুলনায় বাড়তির দিকে।

এক দশক ধরে দেশের ব্যবসা-বাণিজ্য তুমুল বেগে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির চাকাও ঘুরছে ঊর্ধ্বপানে। কিন্তু দিন দিন খাদ্য উৎপাদক, বিক্রেতা, ব্যবসায়ীরা চাল, ডাল, সবজি, ফল, ডিম, দুধ, মাছ, মাংস, তেল, নুন, মুড়ি, চিনি, বিস্কুট, চানাচুর, নুডলস, সস থেকে শুরু করে সব ধরনের খাদ্যদ্রব্যে রাসায়নিক সার, বালাইনাশক, কেমিক্যাল, রংসহ নানা পদের ভেজাল মিশিয়ে সব খাদ্যকেই বিষাক্ত করে ফেলেছে। অন্যদিকে স্নো, পাউডার, শ্যাম্পু, কন্ডিশনার, চুলের তেল, পারফিউম, মেহেদি, পার্লারের সব ধরনের প্রসাধনসামগ্রীও ভেজালের বাইরে নেই আর! এভাবে শুধু ব্যবসায়িক লাভের খাতিরে এ দেশের নারী-পুরুষ, শিশু-বৃদ্ধনির্বিশেষে সবাইকে স্লো পয়জনিং করা হচ্ছে। একই সঙ্গে সার বালাইনাশক, কেমিক্যালের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের মাটি, পুকুর-নদীর পানি, বাতাসসহ পরিবেশ-প্রতিবেশও ক্রমে দূষিত হয়ে পড়ছে।

দেশের নীতিনির্ধারকগণ কিছু প্রশ্নে উত্তর দেবেন কি! সার্বিকভাবে ভেজাল ছড়িয়ে আপামর জনগণকে ক্রমে অসুস্থ করে তুলে এ দেশের মূলশক্তিই কি বিনষ্ট হয়ে যাচ্ছে না? এ সম্পর্কে আপনাদের মত কী? জানতে চাই, রোগের কারণে এই হঠাৎ দরিদ্র হয়ে পড়া জনসাধারণের জন্য আসছে বাজেটে কি কোন বরাদ্দ থাকছে?

আরও জানতে চাই, এমন রোগাক্রান্ত জনগণকে নিয়ে এ দেশের ব্যবসা-বাণিজ্যের চাকা কত দিন সচল থাকবে? জনসংখ্যার একটি বড় অংশকে ঋণগ্রস্ত করে দারিদ্র্যসীমার নিচে নিয়ে গিয়ে অর্থনীতির বেগকে কত দিন ঊর্ধ্বমুখী রাখা যাবে?

সব শেষে, এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে অসুস্থ হয়ে পড়ায় প্রতিনিয়ত অর্থনৈতিক কাজের বাইরে চলে যাবে জনসংখ্যার বড় একটি অংশ। রোগাক্রান্ত সেই বিশাল সংখ্যার বোঝা কাঁধে নিয়ে আমরা ‘রূপকল্প ২০৪১’ কে বাস্তবায়নে কতটা সফল হব? সময় এসেছে এদিক পানে লক্ষ্য দেওয়ার!

*রুবানা শারমীন, গবেষক