দেশে ক্যানসারের প্রকোপের তুলনায় বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, জনবল ও যন্ত্রপাতির ঘাটতি আছে। ক্যানসার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সরকারের পক্ষে সব রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব না। এই মরণব্যাধি মোকাবিলার সবচেয়ে কার্যকর পন্থা জনসচেতনতা।
গতকাল শনিবার ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ কথা বলেন। বেসরকারি ইউনাইটেড হাসপাতাল তাদের সেমিনার কক্ষে সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে ১৬০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার, আছে মাত্র ২০টি। এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ক্যানসার চিকিৎসায় কেন্দ্রভেদে যেমন ব্যয়ের পার্থক্য আছে, তেমনি নানা বৈষম্যও দেখা যায়। একই চিকিৎসায় ১২ হাজার টাকা ও ২ লাখ টাকা নিচ্ছে ভিন্ন দুই প্রতিষ্ঠান।
সাংসদ ও কবি কাজী রোজী ২৪ বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন। তামাক ও তামাক-জাতীয় পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, ‘বাঁশের পাতা বাঁশির সুর তোলে, তামাক পাতা মরণের সুর তোলে।’
মূল বক্তব্যে ইউনাইটেড হাসপাতালের ক্যানসার-বিষয়ক চিকিৎসক অসীম কুমার গুপ্ত বলেন, দেশে বছরে ১ লাখের মৃত্যু হচ্ছে ক্যানসারে। প্রতিবছর নতুন করে ১ লাখ ৪১ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। দেশে পুরুষের ফুসফুসের ও নারীর স্তন ক্যানসার বেশি। দেশে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ১২০ জন।
আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর গণমাধ্যম-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সরকারের একার পক্ষে সব রোগীকে মানসম্পন্ন সেবা দেওয়া সম্ভব না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, সরকারের মধ্যে নীতি বিষয়ে কিছু দ্বন্দ্ব কাজ করে। সরকার হয়তো তামাকের ব্যবহার কমাতে চায়, তবে এই খাত থেকে সরকার বিপুল রাজস্ব পায়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি উদ্যোগে প্রশিক্ষিত জনবল তৈরি ও বেশি সংখ্যায় চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা দরকার। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, কোম্পানিগুলো অযৌক্তিকভাবে ওষুধের দাম বেশি রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রধান অধ্যাপক মেহতাব খামন বলেন, ক্যানসার রোগীরা মানসিকভাবে বিপর্যস্ত থাকে। তাদের মানসিক যত্ন নেওয়া খুব দরকার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, ভবিষ্যতে ক্যানসার চিকিৎসার জন্য বাংলাদেশের তুলনায় ভারতের প্রস্তুতি অনেক বেশি। তিনি বলেন, মূল চিকিৎসা যন্ত্রপাতি আনতে কর দিতে হয় ৫ শতাংশ, অথচ সহায়ক খুচরা যন্ত্রপাতি আনতে ৩৭ শতাংশ কর দিতে হয়।
দুপুরে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে অ্যাপোলো হাসপাতাল। এ ছাড়া গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি বিভাগের চিকিৎসকেরা ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন।