ক্যানসার সচেতনতায় সড়কযাত্রা
ক্যানসার রোগীদের খুঁজে বের করে চিকিত্সা দেবে সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর)। এই উদ্দেশ্য নিয়ে সিসিপিআর ও সমমনা প্রতিষ্ঠানগুলো আগামী ২৮ মার্চ থেকে দেশব্যাপী সড়কযাত্রার সূচনা করতে যাচ্ছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সিসিপিআর এর পরামর্শক মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, সিসিপিআর অন্যান্য সমমনা প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করবে। তাঁরা চান রোগীরা খুঁজে খুঁজে ক্যানসার সেবাদানকারির কাছে আসবে না। বরং সেবাদানকারিই রোগীকে খুঁজে বর করবে সেবা দেওয়ার জন্য। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ক্যানসার নির্ণয়, বিশেষ করে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যানসার নির্ণয় পদ্ধতি চালু করা হবে। এর ফলে ক্যানসার ধরা পড়বে প্রাথমিক পর্যায়ে, চিকিত্সায় খরচও কম পড়বে।
ক্যানসার সচেতনতার সড়কযাত্রার অংশ হিসেবে সিসিপিআর বছর জুড়ে ৪০ টি জেলায় সচেতনতা কার্যক্রম চালাবে। কর্মসূচীর শুরুতে সিসিপিআর ও সমমনা সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ীরা যাবেন উত্তরবঙ্গে। ২৭ মার্চ ঢাকায় এ উপলক্ষ্যে একটি সমাবেশেরও আয়োজন করবে সংগঠনটি।
ক্যানসার সারভাইভার কবি কাজী রোজী সবাইকে এই কর্মসূচীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উদ্যোক্তারা ক্যানসার সচেতনতা সৃষ্টিতে দল, মত নির্বিশেষে সবাইকে একাত্মতা ঘোষণার অনুরোধ জানিয়েছেন। তবে এই কর্মসূচী ‘রাজনৈতিক ডামাডোলের’ বাইরে থাকবে বলেও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক আফরোজা খানম, মো. খোরশেদ আলম ও পরামর্শক মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান প্রমুখ।